Sandeshkhali: গ্রেফতার সন্দেশখালির ৬ গ্রামবাসী, আদালত চত্বর থেকেই ধরল পুলিশ
Sandeshkhali: সন্দেশখালির তপ্ত পরিস্থিতিতে শিবু হাজরাদের পোল্ট্রি ফার্মে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল গ্রামবাসীদের বিরুদ্ধে। শিবু হাজরা নিজে সেই অভিযোগ তুলেছিলেন। পুলিশও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল ভাঙচুরের ঘটনায়। সেই ঘটনায় যে গ্রামবাসীদের নাম উঠে এসেছিল, তাঁরা আজ আগাম জামিনের আর্জি জানিয়ে বসিরহাট মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
সন্দেশখালি: শেখ শাহজাহান এখনও অধরা। সন্দেশখালির আমজনতার মনে আস্থা ফেরাতে সুপার অ্যাকশন মোডে পুলিশ। আর এসবের মধ্যেই এবার গ্রেফতার ৬ গ্রামবাসী। সন্দেশখালির তপ্ত পরিস্থিতিতে শিবু হাজরাদের পোল্ট্রি ফার্মে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল গ্রামবাসীদের বিরুদ্ধে। শিবু হাজরা নিজে সেই অভিযোগ তুলেছিলেন। পুলিশও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল ভাঙচুরের ঘটনায়। সেই ঘটনায় যে গ্রামবাসীদের নাম উঠে এসেছিল, তাঁরা আজ আগাম জামিনের আর্জি জানিয়ে বসিরহাট মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময়ই বসিরহাট মহকুমা আদালত চত্বর থেকে ৬ জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয় বলে জানা যাচ্ছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে পুকুর পাড়ার বাসিন্দা ও আদিবাসী পাড়ার বাসিন্দা রয়েছেন। দুই পাড়া মিলিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এই খবর চাউর হতেই বাকি গ্রামবাসীরা যাঁরা আদালতে আগাম জামিন চাইতে যাচ্ছিলেন, তাঁরা আর সেমুখো হননি। জানা যাচ্ছে, আরও এমন ১১ জন গ্রামবাসীর আদালতে যাওয়ার কথা ছিল আজ। কিন্তু গ্রেফতারির খবর পেয়ে তাঁরা আর বসিরহাট মহকুমা আদালতে যাননি। একদিকে যখন পুলিশ এলাকাবাসীদের মধ্যে আস্থা অর্জনের প্রক্রিয়া শুরু করেছে জোরকদমে, তখন আদালত চত্বর থেকে গ্রামবাসীদের এই গ্রেফতারি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এলাকাবাসীদের একাংশের মনে।
প্রসঙ্গত, গতকালই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালিতে। গোটা এলাকা ঘুরে বেরিয়েছেন। কখনও লঞ্চে চেপে, কখনও টোটোয় চেপে। বৈঠক করেছেন পুলিশ কর্তাদের সঙ্গে। এলাকার সিভিক ভলান্টিয়ারদের সঙ্গেও কথা বলেছেন। একের পর এক নদীঘাটে ঘুরেছেন জলপথে। গোটা রাত সন্দেশখালিতে কাটিয়ে আজ সকালেই কলকাতায় ফিরেছেন ডিজিপি রাজীব কুমার। গতকাল থেকে মানুষের মনের আস্থা ফেরাতে এক সুপার অ্য়াকশন মোডে দেখা গিয়েছে পুলিশকে। এসবের মধ্যেই এবার আগাম জামিন চাইতে গিয়ে আদালত চত্বর থেকে ৬ গ্রামবাসীকে গ্রেফতার করল পুলিশ।
