Hasnabad Murder Case: বউকে লুকিয়ে আবার বিয়ে! প্রতিবাদ করায় ভয়ঙ্কর পরিণতি গৃহবধূর, আর খোঁজ মিলছে না স্বামীর
Domestic Violence: মৃতার পরিবারের অভিযোগ, ৫ দিন আগে ইমাম হোসেন শাকিলার বাপের বাড়িতে গিয়ে ভুল বুঝিয়ে, ফের ঠিক করে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ফিরিয়ে আনেন। কিন্তু বাড়ি ফেরার পর আবারও অশান্তি শুরু হয়।

হাসনাবাদ: স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করাই কি কাল হল? হাসনাবাদের মুরারিশা এলাকায় এক গৃহবধূকে পিটিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার পরিবারের অভিযোগ, খুনের পর ঘটনাটিকে আত্মহত্যার রূপ দিতে দেহটি ঘরের ভেতরে ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত স্বামী ইমাম হোসেন শেখ আপাতত পলাতক।
স্থানীয় সূত্রে খবর, হাড়োয়া থানার ভবানীপুরের বাসিন্দা শাকিলা খাতুনের সঙ্গে হাসনাবাদের ইমাম হোসেন শেখের বিয়ে হয়েছিল কয়েক বছর আগে। দীর্ঘ কয়েক বছর সংসার করার পর, মাত্র ১৫ দিন আগে শাকিলা জানতে পারেন যে তাঁর স্বামী গোপনে অন্য জায়গায় পুনরায় বিয়ে করেছেন। সেখানে আবার তাঁর একটি সন্তানও রয়েছে। এই তথ্য জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্যে চরম বিবাদ শুরু হয়। অশান্তির জেরে শাকিলা নিজের বাপের বাড়িতেও চলে গিয়েছিলেন।
মৃতার পরিবারের অভিযোগ, ৫ দিন আগে ইমাম হোসেন শাকিলার বাপের বাড়িতে গিয়ে ভুল বুঝিয়ে, ফের ঠিক করে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ফিরিয়ে আনেন। কিন্তু বাড়ি ফেরার পর আবারও অশান্তি শুরু হয়। একদিম আগে হঠাৎই শাকিলার পরিবার খবর পায় যে তাঁদের মেয়ে মারা গিয়েছে। খবর পেয়ে ছুটে যায় পুলিশ।
মৃতার পরিবারের দাবি, শাকিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের অভিযোগ, শাকিলাকে পিটিয়ে মেরে ঘরের মধ্যে এমনভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল যাতে সাধারণ মানুষ একে আত্মহত্যা বলে মনে করে। ইতিমধ্যেই হাসনাবাদ থানার পুলিশ দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার বৌদি কাবিরা বিবি বলেন, ” ওর গায়ে অনেক অনেক আঘাতের চিহ্ন। আমরা জামাইয়ের কঠিনতম শাস্তি চাই।”
হাসনাবাদ থানায় অভিযুক্ত স্বামী ইমাম হোসেন শেখের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিনই ময়নাতদন্ত শেষে শাকিলার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
