
পানিহাটি: নৃশংস। মর্মান্তিক। এক মূক ও বধির যুবককে পিটিয়ে, গায়ে গরম জল ঢেলে খুনের অভিযোগ। মৃতের নাম আশিক মণ্ডল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হলেন তাঁরা। এখনও পর্যন্ত পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।
পানিহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের নামাজপাড়া এলাকায় বাড়ি আশিক মণ্ডলের। মূক ও বধির। এলাকাবাসী ও মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় বাচ্চু বড়ুয়া ও তাঁর পরিবারের লোকেরা আশিককে নৃশংসভাবে মারধর করে। গায়ে গরম জল ঢালে। এমনকি তাঁকে অ্যাসিড পর্যন্ত খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অত্যাচার সহ্য না করতে পেরে শয্যাশায়ী হয়ে পড়েন আশিক। পরে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আশিকের মৃত্যুর পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। দোষীদের শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় RAF। ওই মূক ও বধির যুবকের উপর কেন অত্যাচার করা হল, তা বলতে পারছেন না কেউ। মৃতের ভাইঝি বলেন, “কাকা যদি কিছু অন্যায় করে থাকেন, তাহলে আমাদের বলতে পারত। তা না করে ওই বাচ্চু বড়ুয়া, তার ছেলে ও পরিবারের লোকেরা অত্যাচার করেছে। অ্যাসিডও খাওয়ায়। আমরা তাদের কঠোর শাস্তি চাই।” স্থানীয় বাসিন্দারাও এই নিয়ে সরব হন।
ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। তবে ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। স্থানীয় তৃণমূল নেতা প্রবীর দাস বলেন, “ন্যক্কারজনক ঘটনা। নৃশংসভাবে মেরেছে। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই। এরকম একজন বোবাকে এমনভাবে মারার জন্য ফাঁসি হওয়া দরকার। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ নিশ্চয় কঠোর পদক্ষেপ করবে। পুলিশের প্রতি আমাদের আস্থা রয়েছে।”