
উত্তর ২৪ পরগনা: দু’দিন হয়েছে বাড়ির গ্যাস শেষ। রান্নার জন্য রাস্তার পাশের কাঠ কাটতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিনোদ করাতী (৭৬)। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার আনন্দপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’দিন বাড়িতে গ্যাস শেষ হয়ে গিয়েছে। ঠিক মত গ্যাস মিলছে না। ফলে শুক্রবার সকালে রান্নার জন্য রাস্তার পাশের কাঠ কাটতে গিয়েছিলেন বিনোদ।
বিকালে পরিবারের সদস্যরা খবর পায় বাড়ির কিছুটা দূরে মাঠের মধ্যে নিথর অবস্থায় পড়ে রয়েছেন বিনোদ। তড়িঘড়ি তাকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, কোনওভাবে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক লাগে বিনোদের । ইলেকট্রিক শকে মৃত্যু হয়েছে তাঁর। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিনোদের দেহ বনগাঁ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
তবে এক্ষেত্রেই বলে রাখা প্রয়োজন, রান্নার গ্যাস নিয়ে আতঙ্ক। হাহাকার বললেও ভুল হবে না, এই পরিস্থিতিতে কেরোসিনকেই বিকল্প করে দিল কেন্দ্র। মধ্যপ্রাচ্য়ের সংঘাত পর্বে LPG নিয়ে যখন আতঙ্ক চরমে, সেই আবহে কেরোসিনে দেওয়া হল সাময়িক ছাড়পত্র। এবার থেকে সব রেশন দোকানেই মিলবে কেরোসিন। ২০২২ সাল থেকে রেশন দোকানে কেরোসিন তেল দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার। মূলত, পরিবেশ দূষণকে সামনে রেখেই কেরোসিনের গণবণ্টনে বাধ তৈরি করেছিল মোদী সরকার। পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধ যেন ফিরিয়ে আনল সেই কেরোসিনকেই।