
ব্যারাকপুর: ভোটের আগে পারদ চড়ছে হাইভোল্টেজ ব্যারাকপুরে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির যুব মোর্চার মশাল মিছিলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়াল ব্যারাকপুর বড় পোল এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দু’পক্ষের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায়। শেষমেশ টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর, এদিন সন্ধ্যায় ব্যারাকপুর বড় পোল এলাকা দিয়ে বিজেপির যুব মোর্চার একটি মশাল মিছিল যাচ্ছিল। অভিযোগ, মিছিলটি যখন বড় পোল মোড় পার করছিল, তখন সেখানে থাকা একদল তৃণমূল কর্মী আচমকা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরাও। এই স্লোগান-পাল্টা স্লোগানকে ঘিরেই সংঘাতের সূত্রপাত।
যদিও এরই মধ্যে পরিস্থিতি কিছুটা থিতু হলেও, মিছিলে বিজেপির হেভিওয়েট নেতা কৌস্তভ বাগচি পৌঁছানো মাত্রই নতুন করে অশান্তি শুরু হয়। কৌস্তভকে লক্ষ্য করে ফের তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। তখন ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরাও। মুহূর্তের মধ্যে রাজপথ রণক্ষেত্রের চেহারা নেয়। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়ে যায়।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ। দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে শুরুতে রীতিমতো বেগ পান পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ উত্তেজনার পর পুলিশি হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বড় পোল ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।