
উত্তর ২৪ পরগনা: এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাঁর মেয়ের বিচার চেয়ে আদালতে সওয়াল করার আবেদন জানালেন তিলোত্তমার বাবা-মা। তাঁর বক্তব্য, যেভাবে সেদিন এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের হয়ে সওয়াল করেছিলেন মমতা, সেরকমই তিলোত্তমার খুন ও ধর্ষণ মামলাতেও বিচার চেয়ে তিনি সওয়াল করুন। এবারই হাইকোর্টে তিলোত্তমার মামলার শুনানি হয়নি। ক্ষোভ উগরে দেন তিলোত্তমার মা। তিনি বলেন, “আমরা ৩৬ বার হাইকোর্ট থেকে মেয়ের মামলা না শুনানি দেখে ফিরছি। মুখ্যমন্ত্রী গাউন পরে যেমন সুপ্রিম কোর্টে সাওয়াল করেছেন, তেমনই আমার মেয়ের মামলার জন্য ও উকিলের গাউন পরে তদারকি করুন। উনি তো মুখ্যমন্ত্রী-স্বাস্থ্য়মন্ত্রী।”
শনিবারও হাইকোর্টে তিলোত্তমা মামলার শুনানি ছিল। কিন্তু এদিনও শুনানি হয়নি। তিলোত্তমার মায়ের অভিযোগ, এই নিয়ে ৩৬ দিন। তিনি বলেন, “বিচারপতি মামলাটি শুনছেন না। পরের মামলার শুনানি হলেও তিলোত্তমার মামলা পড়ে থাকছেই। কী কারণে তিলোত্তমার মামলার শুনানি হচ্ছে না, তার সদুত্তর নেই তিলোত্তমার বাবা- মায়ের কাছেই।”
প্রসঙ্গত, তিলোত্তমার মামলার তদন্তের মাঝেই তদন্তকারী অফিসার সীমা পাহুজার পদোন্নতি হয়েছে। আরজিকর তদন্ত নিয়ে বারবার যখন প্রশ্ন তুলছে পরিবার, সেই সময় পদোন্নতি পেয়েছেন সিবিআই তদন্তকারী অফিসার। সীমা পাহুজা পুলিশ সুপার পদে উন্নীত হলেন। আরজি কর মামলায় তদন্তকারী অফিসার হিসাবে নিয়োগের সময় সীমা অতিরিক্ত পুলিশ সুপার পদে ছিলেন। বৃহস্পতিবার তাঁর পদোন্নতি হয়। সীমা চণ্ডীগড় এন্টি করাপশন ব্রাঞ্চে যুক্ত ছিলেন। পদোন্নতির পর তাঁকে দিল্লিতে স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চে (১) বদলি করা হয়েছে। তবে আরজি কর মামলায় তদন্তের দায়িত্বেই রাখা হয়েছে সীমাকে। তাই নিয়ে প্রশ্ন তুলেছেন তিলোত্তমার মা। তাঁর বক্তব্য, “আমি সীমা পাহুজা ম্য়াডামকে আমি জেলে ঢুকিয়ে ছাড়ব।”