Asansol School: সামার ক্যাম্প চলছিল, ক্লাস সিক্সের পড়ুয়ার পরিণতি নাড়িয়ে দিল গোটা স্কুলকে
Student drowns during summer camp in Asansol: গরমের ছুটি থাকায় স্কুল বন্ধ। এই সময় স্কুলের ছাত্রদের নিয়ে ২১ মে থেকে শুরু হয়েছে সামার ক্যাম্প। চলবে ১১ জুন পর্যন্ত। সকাল সাড়ে ৭ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত। জানা গিয়েছে, ফার্স্ট ব্যাচে আদ্বিক যায়। ওয়ার্মআপ করার পর জলে নামে। তারপরেই অসুস্থ হয়ে পড়ে বা সংজ্ঞাহীন হয়ে পড়ে।

আসানসোল: সামার ক্যাম্প চলাকালীন সুইমিংপুলে ডুবে মৃত্যু ছাত্রের। আসানসোলের বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের মর্মান্তিক দুর্ঘটনা। আসানসোল বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে সামার ক্যাম্প চলাকালীন সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হল আদ্বিক হিলারিয়ানের (১১)। সে ক্লাস সিক্সের ছাত্র ছিল।
গরমের ছুটি থাকায় স্কুল বন্ধ। এই সময় স্কুলের ছাত্রদের নিয়ে ২১ মে থেকে শুরু হয়েছে সামার ক্যাম্প। চলবে ১১ জুন পর্যন্ত। সকাল সাড়ে ৭ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত। জানা গিয়েছে, ফার্স্ট ব্যাচে আদ্বিক যায়। ওয়ার্মআপ করার পর জলে নামে। তারপরেই অসুস্থ হয়ে পড়ে বা সংজ্ঞাহীন হয়ে পড়ে। তাকে সঙ্গে সঙ্গে পাশেই একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
কীভাবে এই ঘটনা ঘটল ? ট্রেনার ছিল কিনা ? জলে ডুবে মৃত্যু নাকি, অসুস্থ হয়ে। এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। তবে ইদের ছুটি থাকায় গার্ডের সংখ্যা কম ছিল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। স্কুল কর্তৃপক্ষের দাবি, ঘটনায় তাঁদের প্রাথমিক কর্তব্য দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো। এখন তাঁরা সেটাই করছেন। পুলিশ প্রশাসনকে ঘটনার তদন্তে সবরকম সহযোগিতা করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্কুলের প্রিন্সিপাল রবি ভিক্টর বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। এখন অন্য কিছু বলার মতো পরিস্থিতি নেই। অভিভাবকের সঙ্গে রয়েছি। গোটা বিষয়টি পুলিশ তদন্ত করছে।”
বিধায়ক দুর্গেশ নাগী বলেন, “বাচ্চাটা সামার ক্যাম্পে অংশ নিয়েছিল। সুইমিং পুলে নেমেছিল, ওখানেই কোনওভাবে ডুবে যায় বলে শুনেছি। প্রিন্সিপালের সঙ্গে কথা রয়েছে। পুলিশ দেখছে বিষয়টি। স্কুলে শিক্ষক বা ট্রেনার সেসময়ে কোথায় ছিলেন, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।”
