Durgapur: এবার দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কোথা থেকে এল?
Durgapur Rs 48 lakh cash recovery: পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ফরিদপুর থানার গৌরবাজারের চন্দ্রডাঙা এলাকায় একটি ইটভাটা আছে। যদিও সেটি দীর্ঘদিন ধরেই বন্ধ। দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ একটি চুরির তদন্ত করছে। সেই তদন্তে নেমেই গোপন সূত্রে ওই ইটভাটার খবর পান তদন্তকারীরা।

দুর্গাপুর: পড়শি জেলা বীরভূমে বালি ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ডেরায় হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। মিলেছে কেজি কেজি সোনা। বেআইনি বালি-পাথরের ব্যবসা করে টুলু মণ্ডল পাহাড়প্রমাণ সম্পত্তি করেছেন বলে অভিযোগ। বীরভূম জেলার একাধিক জায়গায় তল্লাশিও চালাচ্ছেন তদন্তকারীরা। সেই আবহে এবার পশ্চিম বর্ধমান জেলাতেও উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। দুর্গাপুরের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে মিলল ৪৮ লক্ষ টাকা। কেন এই পরিত্যক্ত ইটভাটায় লুকিয়ে রাখা হয়েছিল টাকা ? তা বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ফরিদপুর থানার গৌরবাজারের চন্দ্রডাঙা এলাকায় একটি ইটভাটা আছে। যদিও সেটি দীর্ঘদিন ধরেই বন্ধ। দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ একটি চুরির তদন্ত করছে। সেই তদন্তে নেমেই গোপন সূত্রে ওই ইটভাটার খবর পান তদন্তকারীরা। পুলিশের একটি দল ইটভাটায় হানা দেয়। তল্লাশির পর সেখান থেকে উদ্ধার হয় বিশাল অঙ্কের টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ৪৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পুলিশ এই নিয়ে মুখ খুলতে চাইছে না। তাদের বক্তব্য, তদন্ত চলছে। ওই টাকা কার এবং কীভাবে পরিত্যক্ত ইটভাটায় এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারাও এই নিয়ে বিশেষ কিছু বলতে পারছেন না। তাঁদের বক্তব্য, ইটভাটাটি দীর্ঘদিন ধরেই বন্ধ। ফলে ওখানে কারা টাকা রেখেছেন, তা তাঁরা বুঝতে পারছেন না। এদিকে, যে বাড়িতে চুরির তদন্তে নেমে পুলিশ ওই টাকার হদিস পেয়েছে, সেই বাড়ির মালিক চিকিৎসার জন্য সস্ত্রীক বেঙ্গালুরু গিয়েছেন। তাঁর মা জানালেন, ছেলে ও বউমা চিকিৎসার জন্য বেঙ্গালুরু গিয়েছে। কত টাকা চুরি গিয়েছে, তা তিনি জানেন না। প্রায় ৫০ লক্ষ টাকা যে ওই বাড়িতে চুরির টাকা নয়, তা স্পষ্ট স্থানীয় বাসিন্দাদের কাছে। পুলিশি তদন্তে কী উঠে আসে, সেটাই এখন দেখার।
