Asansol : সিমেন্ট কারখানা পুনরায় চালুর উদ্যোগ মালিকের, তৃণমূল নেতাদের ‘দাদাগিরিতে’ কাজ বন্ধের অভিযোগ

Asansol : বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোল দক্ষিণ থানার (পিপি) আওতায় ধেমোমেনের কাছে সাতাইশা এলাকায়।

Asansol : সিমেন্ট কারখানা পুনরায় চালুর উদ্যোগ মালিকের, তৃণমূল নেতাদের ‘দাদাগিরিতে’ কাজ বন্ধের অভিযোগ

| Edited By: জয়দীপ দাস

Mar 01, 2023 | 11:12 PM

আসানসোল : বন্ধ থাকা সিমেন্ট কারখানা নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছেন মালিক। অভিযোগ, সেই কারখানার স্ট্রাকচার তৈরিতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে গাজোয়ারি করে বাধা দিচ্ছেন আসানসোল (Asansol) পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কাউন্সিলর সঞ্জয় নুনিয়া। একই অভিযোগ উঠেছে সঞ্জয় নুনিয়ার বাবা প্রাক্তন কাউন্সিলর রোহিত নুনিয়ার বিরুদ্ধেও। কারখানা মালিক পবন গুটগুটিয়া সরাসরি শাসক দলের কাউন্সিলারের বিরুদ্ধে এমন অভিযোগ করায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোল দক্ষিণ থানার (পিপি) আওতায় ধেমোমেনের কাছে সাতাইশা এলাকায়। বন্ধ হয়ে গিয়েছে স্ট্রাকচার তৈরির কাজ। যদিও তাঁদের বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলর। তাঁরা পাল্টা অভিযোগ করেছেন কারখানা মালিকের বিরুদ্ধেই। জানা গিয়েছে, ২০১৪ সালে বন্ধ হয়ে যায় আসানসোলের এই সিমেন্ট কারখানা। বর্তমানে কারখানা মালিক পবন গুটগুটিয়া বন্ধ হয়ে যাওয়া কারখানা নতুন করে চালু করার পরিকল্পনা নিয়েছেন। তার জন্য কাজ শুরু করার প্রক্রিয়া চলছিল। বুধবার যখন কাজ চলছিল তখন স্থানীয় কিছু লোকজন এসে কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ। তাঁদের দাবি, এখানে বহিরাগতদের এনে কাজ করানো হচ্ছে। কাজে নিতে হবে স্থানীয় লোকজনদেরই। খবর পেয়ে সেখানে যান তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সঞ্জয় নুনিয়া ও প্রাক্তন কাউন্সিলর রোহিত নুনিয়া। তাঁরা স্থানীয় মানুষদের দাবিকে সমর্থনও জানান বলে জানা যায়।

ঘটনা প্রসঙ্গে সিমেন্ট কারখানার মালিক পবন গুটগুটিয়া বলেন, “২০২২ সালের জুন মাসে দুর্গাপুরে জেলার প্রশাসনিক বৈঠকে এই এলাকার রাস্তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলাম। মুখ্যমন্ত্রী সেই অনুরোধ মেনে নিয়ে, সেই রাস্তা তৈরির ব্যবস্থা করেছেন। এরপর বন্ধ হয়ে থাকা কারখানা নতুন করে খোলার পরিকল্পনা নিয়েছি। কিন্তু এলাকার কিছু মানুষ এদিন কাজ বন্ধ করে দেয়। কাজ করতে আসা মানুষদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “আমার ফাঁকা জমিতে পাঁচিল তৈরি করতে বাধা দেওয়া হচ্ছে। গোটা বিষয়টি রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ সবাইকে বলেছি। কিন্তু তারপরেও এমন হচ্ছে। এইভাবে তো কারখানা ও শিল্প করা যায় না। আমাকে বাধ্য হয়ে অন্য পরিকল্পনা নিতে হবে।” অন্যদিকে তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়া বলেন, “বাইরে থেকে লোক এনে কাজ করানো হচ্ছে। যার বিরোধিতা করেছে স্থানীয় লোকজনেরা। আমরা খবর পেয়ে সেখানে গেছিলাম। আমাদের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভুল।”

Follow Us