
কলকাতা ও খড়্গপুর সদর: তিন বছর খড়্গপুর সদরের বিধায়ক ছিলেন তিনি। সাংসদ হওয়ায় বিধায়ক পদ ছাড়তে হয়েছিল। কিন্তু, খড়্গপুর সদরের সঙ্গে তাঁর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। আবার গত পাঁচ বছর তাঁর দলেরই হিরণ চট্টোপাধ্যায় খড়্গপুর সদরের বিধায়ক। এবার সেখানে বিজেপির টিকিট কে পাবেন, তা নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত হিরণকে ‘আউট’ করে খড়্গপুর সদরে ফিরলেন দিলীপ ঘোষ। সোমবার বিজেপি ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। আর সেই তালিকায় খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে জ্বলজ্বল করছে দিলীপের নাম।
২০১৬ সালে বিধানসভা নির্বাচনে খড়্গপুর সদর থেকে জিতেছিলেন দিলীপ। হারিয়েছিলেন কংগ্রেসের ‘চাচাজি’ জ্ঞানসিং সোহনপালকে। যিনি ১৯৬৯ সাল থেকে মাঝে একবার বাদে ২০১৬ সাল পর্যন্ত এখানকার বিধায়ক ছিলেন। ফলে সোহনপালের মতো বর্ষীয়ান নেতাকে হারিয়ে শিরোনামে উঠে আসেন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ। ২০১৯ সাল পর্যন্ত খড়্গপুর সদরের বিধায়ক ছিলেন তিনি। তারপর মেদিনীপুর থেকে লোকসভা নির্বাচনে জিতে বিধায়ক পদ ছাড়েন। সেইসময় খড়্গপুর সদরে উপনির্বাচনে জয়ী হন তৃণমূলের প্রদীপ সরকার।
একুশের নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এবার হিরণও খড়্গপুর সদরে টিকিট পাওয়া নিয়ে আশাবাদী ছিলেন। আবার চব্বিশের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে খড়্গপুর সদরে যাতায়াত বাড়ান দিলীপও। তবে গত বছরের এপ্রিলে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছিল দিলীপের। পদ্মশিবিরের কোনও কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছিল না। তবে গত বছরের শেষে অমিত শাহের বঙ্গ সফরের পর ফের সক্রিয় হতে দেখা যায় দিলীপকে। শাহের সঙ্গে দেখা করার পরই দিলীপকে পুরনো মেজাজে দেখা যেতে শুরু করে।
এরই মধ্যে খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে জলঘোলা শুরু হয়। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই হিরণ দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানা গিয়েছে। যদিও দিলীপ ঘোষও গত বছর বিয়ে করার পর নানা আলোচনা শুরু হয়েছিল। তবে দিলীপ অবিবাহিত ছিলেন। সেখানে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ফের বিয়ে করায় হিরণের সমালোচনা শুরু হয়। এমনকি, হিরণের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। এই আবহে হিরণকে ‘আউট’ করে খড়্গপুর সদরে টিকিট পেলেন দিলীপ। ২০১৬ সালের মতো তিনি জিততে পারেন কি না, সেটাই এখন দেখার।