Nitin Gadkari in West Bengal: ‘তুমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে…’, শুভেন্দুকে দ্রৌপদীর উপমা দিলেন নিতিন গডকরী
Nitin Gadkari Big Announcement: বাংলা থেকে সড়ক সংক্রান্ত একাধিক দাবি যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সে কথা এদিন স্পষ্ট করে দেন গডকরী। আর সেই সব দাবিপূরণের ঘোষণাও করেন তিনি। সেইসঙ্গে তিনি আরও জানান যে টাকা নিয়ে কোনও চিন্তা করতে হবে না বাংলার মুখ্যমন্ত্রীকে।

কোলাঘাট: পালাবদলের পর প্রথমবার বাংলায় এসে কার্যত উজাড় করে দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকরী (Nitin Gadkari)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তিনি এদিন বুঝিয়ে দিলেন, বাংলা যা চাইবে, তাই দিতে তৎপর মোদী সরকার। বাংলার ছবিটা পুরোপুরি বদলে দেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
বাংলা থেকে সড়ক সংক্রান্ত একাধিক দাবি যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সে কথা এদিন স্পষ্ট করে দেন গডকরী। আর সেই সব দাবিপূরণের ঘোষণাও করেন তিনি। সেইসঙ্গে তিনি আরও জানান যে টাকা নিয়ে কোনও চিন্তা করতে হবে না বাংলার মুখ্যমন্ত্রীকে।
বৃহস্পতিবার কোলাঘাটে একাধিক প্রকল্পের শিলান্যাস উপলক্ষে উপস্থিত হয়েছিলেন নিতিন গডকরী। মঞ্চে দাঁড়িয়েই তিনি মুখ্যমন্ত্রী বলেন, “তুমি চিন্তা করবে না। মহাভারতে দ্রৌপদীর মতো আমার থালিতেও টাকার কোনও অভাব হবে না। তুমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে। আমি দিতে দিতে ক্লান্ত হব না।”
গডকরী উল্লেখ করেন, মহারাষ্ট্রে মন্ত্রী থাকাকালীন কীভাবে টাকা জোগাড় করে প্রকল্পের রূপায়ন করেছিলেন তিনি। মন্ত্রী বলেন, “সরকারের কাছে টাকা ছিল না। তখনও ১০ হাজার কোটির প্রজেক্ট করেছি। মার্কেট থেকে টাকা তুলেছি। মুম্বই স্টক এক্সচেঞ্জে গিয়েছি। সেখানে টাকার বৃষ্টি হয়। ৭ দিন সময় থাকলেও, ৭ ঘণ্টায় এত টাকা আসে, যে আমি খরচ করে শেষ করতে পারি না।” সেই মঞ্চে দাঁড়িয়েই ১ লক্ষ কোটি টাকার প্রজেক্ট ঘোষণা করেন গডকরী।
