Chandrakona: রাতের অন্ধকারে ব্যাগ ভর্তি ফাইল নিয়ে পালানোর সময় পাকড়াও পঞ্চায়েতের কেয়ারটেকার, ছুটে এল পুলিশ
Panchayat caretaker nabbed: এলাকাবাসীদের দাবি, তৃণমূল নেতারা দুর্নীতি ধামাচাপা দিতেই এই সমস্ত ফাইল সরিয়ে ফেলছে। যদিও মমতাজের দাবি, এই ফাইলগুলি স্বনির্ভর গোষ্ঠীর। তাঁর পরিবারের এক সদস্য স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ভুলবশত গ্রাম পঞ্চায়েতের ফাইলগুলি রয়ে গিয়েছিল, তাই বাড়ি নিয়ে যাচ্ছিলেন।

চন্দ্রকোনা: রাতের অন্ধকারে ব্যাগ ভর্তি ফাইল নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল গ্রাম পঞ্চায়েতের কেয়ারটেকার। পুলিশ এসে উদ্ধার করে ফাইল নিয়ে গেল থানায়। দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক আঙিনায় চাপানউতোর।
সূত্রের খবর, রাতের অন্ধকারে ব্যাগ ভর্তি ফাইল নিয়ে বাড়ি যাচ্ছিলেন গ্রাম পঞ্চায়েতের কেয়ারটেকার মমতাজ মল্লিক। বিষয়টি নজরে আসে গ্রামের সাধারণ মানুষের। খবর দেওয়া হয় এলাকার বিজেপি নেতা-কর্মীদের। খবর চাউর হতেই শুরু হয়ে যায় তুমুল শোরগোল। কিসের ফাইল সেই প্রশ্ন তুলতে থাকেন বিজেপি কর্মীরা। শেষে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ফাইলগুলি উদ্ধার করে নিয়ে যায় থানায়।
এলাকাবাসীদের দাবি, তৃণমূল নেতারা দুর্নীতি ধামাচাপা দিতেই এই সমস্ত ফাইল সরিয়ে ফেলছে। যদিও মমতাজের দাবি, এই ফাইলগুলি স্বনির্ভর গোষ্ঠীর। তাঁর পরিবারের এক সদস্য স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ভুলবশত গ্রাম পঞ্চায়েতের ফাইলগুলি রয়ে গিয়েছিল, তাই বাড়ি নিয়ে যাচ্ছিলেন। যদিও তাঁর কথা মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁরা এর পিছনে প্রধান ও উপপ্রধানের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলেই মত।
এলাকার এক বিজেপি নেতারা বলছেন, “ওরা তথ্য লোপাটের চেষ্টা করছিল। তাই প্রধান-উপপ্রধানের ষড়যন্ত্রে রাত সাড়ে ৯টা নাগাদ মমতাজ মল্লিক ফাইলগুলি সরিয়ে ফেলছিল। প্রায় ৫০টা ফাইল ছিল। যখন এই কাজ করছিল তখন আমাদের বিজেপির কিছু কর্মীরা ঘটনাটা দেখে ফেলে। তারপরই পুলিশকে খবর দেওয়া হয়।”
