Khudiram Tudu: নিয়মবহির্ভূত মাদ্রাসার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ, বার্তা মন্ত্রীর
একইসঙ্গে বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বেআইনি নার্সিংহোম এবং ভুয়ো চিকিৎসকদের অভিযোগ নিয়েও সরব হন মন্ত্রী। তাঁর দাবি, স্বাস্থ্য দফতরের নির্ধারিত গাইডলাইন মেনে যে নার্সিংহোমগুলি চলছে, সেগুলি চলবে। কিন্তু তদন্তে নিয়মবহির্ভূত বা ভুয়ো নার্সিংহোমের সন্ধান মিললে সেগুলি বন্ধ করে দেওয়া হবে।

বর্ধমান: পরিকাঠামোহীন ও নিয়মবহির্ভূত মাদ্রাসার বিরুদ্ধে আগামিদিনে আরও কড়া পদক্ষেপ করা হতে পারে বলে জানালেন রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। জেলাভিত্তিক তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ছেন মন্ত্রী। অনুমোদনহীন হিসেবে চিহ্নিত করে রাজ্যের ২৫২টি মাদ্রাসা বন্ধ করা হয়েছে ইতিমধ্যেই। এছাড়া একাধিক মাদ্রাসাকে শোকজ লেটার দেওয়া হয়েছে।
তাঁর বক্তব্য, ‘‘এই তালিকা আগামিদিনে আরও বাড়তে পারে। জেলাগুলিতে যে তদন্ত টিম গঠন করা হয়েছে, তাদের তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। এখনই সম্পূর্ণভাবে পদক্ষেপ করলে অনেক ছাত্রছাত্রী ড্রপ আউট হয়ে যেতে পারে। সামনে পরীক্ষা রয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর আরও বিস্তারিত তদন্ত করে দেখা হবে।’’
পরিকাঠামো ছাড়াই যে সব মাদ্রাসা চলছে, তদন্তে সেগুলির অস্তিত্ব ধরা পড়লে সেগুলি বন্ধ করে দেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, অতীতে সরকারগুলি এই ধরনের প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করেনি। ভোটব্যাঙ্কের রাজনীতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
একইসঙ্গে বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বেআইনি নার্সিংহোম এবং ভুয়ো চিকিৎসকদের অভিযোগ নিয়েও সরব হন মন্ত্রী। তাঁর দাবি, স্বাস্থ্য দফতরের নির্ধারিত গাইডলাইন মেনে যে নার্সিংহোমগুলি চলছে, সেগুলি চলবে। কিন্তু তদন্তে নিয়মবহির্ভূত বা ভুয়ো নার্সিংহোমের সন্ধান মিললে সেগুলি বন্ধ করে দেওয়া হবে।
নার্সিংহোমের নাম পরিবর্তন করে ফের ব্যবসা শুরু করার প্রবণতা নিয়েও কড়া বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য, ‘একবার ধরা পড়ার পর নাম পরিবর্তন করে নতুন করে নার্সিংহোম চালানোর মতো ঘটনা মেনে নেওয়া হবে না।’’