
সৌমেন মণ্ডল, তালসারি: রবিবার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। কীভাবে কী ঘটল, তা বুঝে উঠতে পারছে না কেউ। রবিবার বিকেলে ঠিক কী ঘটেছিল, কীভাবে সবার চোখের সামনে রাহুল তলিয়ে গেলেন, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ইতিমধ্যেই ময়নাতদন্ত হয়েছে। রিপোর্ট সামনে না এলেও, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফুসফুস ভরে গিয়েছিল জলে।
পুলিশের তরফে এখনও রিপোর্টের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অভিনেতার ফুসফুস নোনাজলে ভরে গিয়েছিল। ঢুকে গিয়েছিল বালি। ফলে দমবন্ধ হয়ে যায়, থেমে যায় হৃদস্পন্দন, মৃত্যু হয় অভিনেতার।
এদিকে, পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার সময়ের যে ভিডিয়ো ফুটেজ প্রকাশ্য়ে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, রাহুল জলে ভাসছেন। পুলিশের দাবি, হাঁটুজলে একটি নাচের দৃশ্যে শুটিং চলছিল, সেখানেই একটি গর্তে পড়ে যান রাহুল বন্দ্যোপাধ্যায় ও শ্বেতা মিশ্র। শ্বেতাকে উদ্ধার করা গেলেও, রাহুলকে যখন তোলা হয়, ততক্ষণে অনেকটাই নোনাজল খেয়ে ফেলেছেন অভিনেতা।
পুলিশ বা প্রশাসনকে না জানিয়েই ওই শুটিং চলছিল বলে জানা যাচ্ছে। প্রশ্ন উঠেছে, কেন নিরাপত্তার বন্দোবস্ত না করে শুটিং চলছিল। কিছু লুকনোর চেষ্টা চলছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
শুটিংয়ের ম্যানেজার বলছেন, প্যাক আপ হয়ে গিয়েছিল। তবে ডিরেক্টর জানিয়েছেন, ড্রোন শট বাকি ছিল। সকলের প্যাক আপ হয়নি। রাহুল ও শ্বেতার শট বাকি ছিল। ক্যামেরা সেট আপ করা হচ্ছিল, তখন সমুদ্রে এগিয়ে যান রাহুল। এক্ষেত্রেও প্রশ্ন উঠছে, শুটিংয়ের এতজন কলাকুশলী, টেকনিশিয়ান উপস্থিত ছিলেন, তাদের মাঝখান দিয়ে কীভাবে রাহুল সমুদ্রে নামলেন?