CPIM: সায়নের সমর্থনে লাল-ঝড়, জনপ্লাবনে স্তব্ধ রাজপথ! শেষ কবে এমন ভিড়? ভাবতে হচ্ছে বাম প্রার্থীকেও

Sayan Banerjee CPIM: মাথার উপরে তখন ৪০ ডিগ্রির গনগনে রোদ্দুর। তার মধ্যেই যেন একটা লাল-ঝড় দেখা গেল তমলুকের রাস্তায়। ভোটের দিন কি সেই প্রতিফলন দেখা যাবে? আপাতত সেই আশাতেই বুক বাঁধছেন তমলুকের বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় ও কাঁথির কংগ্রেস প্রার্থী উর্বশী ভট্টাচার্য।

CPIM: সায়নের সমর্থনে লাল-ঝড়, জনপ্লাবনে স্তব্ধ রাজপথ! শেষ কবে এমন ভিড়? ভাবতে হচ্ছে বাম প্রার্থীকেও
সায়ন বন্দ্যোপাধ্য়ায়Image Credit source: Facebook

| Edited By: Soumya Saha

May 03, 2024 | 11:28 PM

তমলুক: বিধানসভায় বামেদের একটা আসনও নেই। শূন্য। কংগ্রেস একটা উপনির্বাচন জিতেছিল বটে, কিন্তু সেই সাগরদিঘির বিধায়কও এখন ঘাসফুলে। তবে আজ প্রার্থীদের মনোনয়নে কর্মী, সমর্থকদের ভিড় দেখিয়ে দিল বাম-কংগ্রেস। বাম-কংগ্রেস জোট প্রার্থীদের মনোনয়ন ঘিরে লালময় হয়ে থাকল পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকের রাজপথ। জোট প্রার্থীদের মনোনয়ন ঘিরে সাময়িক স্তব্ধ হল তমলুকের রাজপথ। বিশাল মিছিল। গিজ গিজ করছে লাল পতাকা। মাথার উপরে তখন ৪০ ডিগ্রির গনগনে রোদ্দুর। তার মধ্যেই যেন একটা লাল-ঝড় দেখা গেল তমলুকের রাস্তায়। ভোটের দিন কি সেই প্রতিফলন দেখা যাবে? আপাতত সেই আশাতেই বুক বাঁধছেন তমলুকের বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় ও কাঁথির কংগ্রেস প্রার্থী উর্বশী ভট্টাচার্য।

মনোনয়ন ঘিরে এই জনসমর্থন কি অক্সিজেন জোগাচ্ছে বাম-কংগ্রেসকে? সমর্থকদের ভিড় দেখে সিপিএমের যুব নেতা সায়নকে অবশ্য বেশ আত্মপ্রত্যয়ীই দেখাল। তমলুকের সিপিএম প্রার্থী বললেন, ‘বিপুল মানুষ উৎসাহ-উন্মাদনা নিয়ে সামিল হয়েছেন। এই মিছিলের স্বতঃস্ফূর্ততা, মিছিলের উচ্ছাসই বলে দিচ্ছে… তমলুক ও কাঁথি থেকে বাম-ধর্মনিরপেক্ষ শক্তিই জিতবে।’

সায়নের কথায়, ‘জনস্রোতের মাঝে মনোনয়ন জমা দিতে এসেছি। মানুষ বুঝিয়ে দিচ্ছেন, তাঁরা আমাদের সঙ্গে আছেন। এই ভিড় শেষ কবে দেখা গিয়েছে, আমাদেরও অনেক সময় মনে পড়ছে না।’ কাঁথির কংগ্রেস প্রার্থীও বলছেন, ‘এ এক অকল্পনীয় অনুভূতি।’ কাঁথি ও তমলুকের থেকে জোটের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনিও।

এর আগে ইনসাফের সভায়, ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশেও প্রচুর ভিড় টেনেছিল বাম শিবির। অতীতে একুশের নির্বাচনের আগে সংযুক্ত মোর্চার ব্রিগেডেও ভিড় ছিল চোখে পড়ার মতো। সংযুক্ত মোর্চার সেই শক্তি প্রদর্শনের পরেও বিধানসভা নির্বাচনের ময়দানে একপ্রকার ‘ফ্লপ’ হয়েছিল বামেদের অভিযান। আইএসএফ-এর নওশাদ ছাড়া আর কেউ দাঁত ফোটাতে পারেননি। এবার ফের লোকসভা নির্বাচনের আগে এক প্রস্থ শক্তি প্রদর্শন বামেদের। এবার কি খেলা ঘোরাতে পারবেন সায়নরা? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন ভোটের গণনার দিন পর্যন্ত।

Loading...
Unable to load recommendations.
Follow Us