Nandigram Election Result: পবিত্র করকে নিয়েও লাভ হল না তৃণমূলের, ‘গুরু’ শুভেন্দুর হাতেই রইল নন্দীগ্রাম

Suvendu Adhikari: সোমবার সকাল থেকেই এগিয়ে ছিলেন শুভেন্দু। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায়, তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আর দিনের শেষে জয়ী ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীকে। তিন হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু।

Nandigram Election Result: পবিত্র করকে নিয়েও লাভ হল না তৃণমূলের, গুরু শুভেন্দুর হাতেই রইল নন্দীগ্রাম
শুভেন্দু অধিকারীImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 04, 2026 | 6:33 PM

নন্দীগ্রাম: আগেরবারও ছিল গুরু-শিষ্য়ের লড়াই। কেউ কেউ বলেছিলেন, এবারও তাই। পবিত্র কর অস্বীকার করলেও, পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায়, শুভেন্দুর হাত ধরেই একসময় রাজনীতি করেছেন পবিত্র। প্রার্থী ঘোষণার দিন সকালে সেই পবিত্র করকে দলে যোগ করালেও শেষ পর্যন্ত কোনও লাভ হল না তৃণমূলের।

সোমবার সকাল থেকেই এগিয়ে ছিলেন শুভেন্দু। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায়, তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আর দিনের শেষে জয়ী ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীকে। তিন হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু।

বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও ভবানীপুরের ফলাফল এখনও স্পষ্ট হয়নি। দুপুর থেকেই সেই কেন্দ্রে টানটান উত্তেজনার ছবি দেখা গিয়েছে। তবে নন্দীগ্রামে জয়ী হয়েছেন শুভেন্দু। ২০২১-এ মমতার বিরুদ্ধে লড়াইতে জয়ী হয়ে বিরোধী দলনেতা হয়েছিলেন শুভেন্দু। এবার ফের নন্দীগ্রামে লড়াই করেন তিনি।

পবিত্র কর দল বদল করার পর চর্চায় উঠে আসে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ। অনেকেই মনে করেন, পবিত্র কর নন্দীগ্রামকে রন্ধ্রে রন্ধ্রে চেনেন, তাই তাঁর কাছে সহজ জয় আসতে পারে। পবিত্র নিজেও বলেছিলেন, ‘আগেরবার শিষ্যের জয় হয়েছিল, এবারও তাই হবে।’ তবে শেষ পর্যন্ত তৃণমূলের আন্দোলনের সেই নন্দীগ্রাম রয়ে গেল শুভেন্দুর হাতেই।

Follow Us