
পূর্ব মেদিনীপুর: ভোট পরবর্তী হিংসা নিয়ে শোরগোল চলছেই। সুর চড়াচ্ছেন বিজেপি নেতারা। একদিন আগেই ২০০ জন বিজেপি কর্মীকে নিয়ে একেবারে রাজভবনে চলে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও পুলিশি বাধার মুখে পড়ে ঢুকতে পারেননি। দেখা হয়নি সিভি আনন্দ বোসের সঙ্গে। তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর চলছেই। রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল। এরইমধ্যে পূর্ব মেদিনীপুরের অস্থিচকে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
অভিযোগ, বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের অস্থিচকে বিজেপি কর্মী গোপাল পয়ড়ার বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু সেই সময় বাড়িতে ছিলেন না গোপাল। বাজারে গিয়েছিলেন। অভিযোগ, তখনই দুষ্কৃতীরা গোপালের স্ত্রীকে তৃণমূলের দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যায় বলেও অভিযোগ। মারধর করা হয় বলেও জানা যাচ্ছে। ধর্ষণের হুমকি দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসেন মহিলার স্বামী। এদিকে ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।
অভিযোগ, নির্বাচনের পর থেকে তৃণমূলের অঞ্চল সভাপতি সুজিত শীর নেতৃত্বে অস্থিচক এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। সেই কারণে ১১ মে এগরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন গোপাল পয়ড়া। সে কারণেই অতর্কিতে এই আক্রমণ বলে মনে করছেন গোপাল। এ ঘটনায় শুক্রবার সকাল ১১টা নাগাদ এগরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন গোপাল পয়ড়া ও তাঁর স্ত্রী। তদন্তে নেমেছে পুলিশ। যদিও তৃণমূল বিধায়ক তরুণ মাইতি বলছেন, যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। তাঁদের দলের কোনও কর্মীই এ ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে দাবি করেছেন তিনি।