Suvendu Adhikari: নেতার ধন: শুভেন্দুর কটা ফ্ল্যাট, কত সম্পত্তি আছে, জানেন!
West Bengal assembly election 2026: নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণও হলফনামায় জানিয়েছেন শুভেন্দু। তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বলে উল্লেখ করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। কাঁথির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় তাঁর অ্যাকাউন্টে ৭৮২০২.৭৬ টাকা রয়েছে।

নন্দীগ্রাম: বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা তিনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নন্দীগ্রাম ও ভবানীপুর। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্রে নিজের সম্পদের পরিমাণ নিয়ে কী জানিয়েছেন শুভেন্দু? তাঁর স্থাবর সম্পত্তি কত? অস্থাবর সম্পত্তিই বা কত রয়েছে? নিজের নামে কি কোনও গাড়ি রয়েছে বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতার? দেখে নেওয়া যাক, হলফনামায় তিনি কী জানিয়েছেন।
গত ৩০ মার্চ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে হলফনামা জমা দিয়েছেন শুভেন্দু। সেখানে গত ৫ অর্থবর্ষে তাঁর আয় উল্লেখ করেছেন। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৮ লক্ষ ১৩ হাজার ১৭০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষেও আয় কাছাকাছিই ছিল। ওই অর্থবর্ষে তাঁর আয় ছিল ৮ লক্ষ ৮ হাজার ৪৬১ টাকা। তার পরের অর্থবর্ষে অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর আয় ছিল ৮ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় সামান্য বাড়ে। ওই অর্থবর্ষে তাঁর আয় ছিল ১০ লক্ষ ৩৭ হাজার ১৬০ টাকা। তবে ২০২৪-২৫ অর্থবর্ষে বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতার আয় অনেকটাই বেড়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১৭ লক্ষ ৩৮ হাজার ৫৯০ টাকা।
নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণও হলফনামায় জানিয়েছেন শুভেন্দু। তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বলে উল্লেখ করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। কাঁথির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় তাঁর অ্যাকাউন্টে ৭৮২০২.৭৬ টাকা রয়েছে। এরকম বেশ কয়েকটি অ্যাকাউন্টে টাকা রয়েছে। জীবনবিমা, মিউচুয়াল ফান্ড-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের কথাও উল্লেখ করেছেন শুভেন্দু। সবমিলিয়ে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪৫৭৬০০.০১ টাকা। অর্থাৎ বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতার ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে।
হলফনামায় শুভেন্দু জানিয়েছেন, তাঁর কোনও গাড়ি নেই। অলঙ্কার, মূল্যবান সম্পদও নেই বলে জানিয়েছেন তিনি।
স্থাবর সম্পত্তির উল্লেখ করতে গিয়ে শুভেন্দু জানিয়েছেন, এগরায় একটি কৃষিজমিতে ভাগ রয়েছে তাঁর। আবার নন্দীগ্রামে ১.৯৮ একর একটি জমি রয়েছে। সবমিলিয়ে তাঁর নামে কৃষিজমি রয়েছে ২.৪৬ একর। এগরার কৃষিজমি পারিবারিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। আর নন্দীগ্রামে কৃষিজমি তাঁকে দান করা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। হলফনামায় তিনি জানিয়েছেন, বর্তমানে এগরার ওই কৃষিজমির মূল্য ১ লক্ষ ৫ হাজার। আর নন্দীগ্রামে তাঁর নামে থাকা কৃষিজমির মূল্য ৮ লক্ষ টাকা।
তাঁর নামে একাধিক অকৃষি জমি রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন শুভেন্দু। তার মধ্যে বেশিরভাগ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। দুটি স্থাবর সম্পত্তি কিনেছেন। একটি কিনেছিলেন ২০০২ সালে। অন্যটি ২০১০ সালে। একটি সম্পত্তি কিনেছিলেন ৮ লক্ষ টাকায়। অন্যটি কিনেছিলেন ১ লক্ষ ১২ হাজার ৬০২ টাকায়।
হলফনামায় শুভেন্দু জানিয়েছেন, তিনি দুটি ফ্ল্যাট কিনেছেন। আর একটি বাসভবনের এক চতুর্থাংশ তাঁকে দান করা হয়েছে। ফ্ল্যাট দুটি কিনেছিলেন ২০০৬ সালে। একটির দাম পড়েছিল ৭ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা। অন্যটির দাম পড়েছিল ৫ লক্ষ টাকা। এই তিনটি সম্পত্তির বর্তমান মূল্য ৬১ লক্ষ ৩০ হাজার টাকা বলে শুভেন্দু জানিয়েছেন। বর্তমানে তাঁর কোনও ঋণ নেই বলে হলফনামায় জানিয়েছেন শুভেন্দু।
