Purulia: ভাইফোঁটার দিন বড় বার্তা বিজেপির সাংসদের
Purulia: এদিন দুপুরে সাংসদ কার্যালয়ে রীতিমতো উৎসবের চেহারা নেয়। ঠিক যেমন ভাবে ফোঁটা হয়। অর্থাৎ ফোঁটার থালিতে প্রদীপ জ্বালিয়ে, সাংসদের মাথায় ধান ছড়িয়ে, দুর্বা ঘাস দিইয়ে, আয়না-চিরুনি দেখে ফোঁটা পর্ব চলে। হয় মিষ্টি মুখ। বোনেরা যেমন সাংসদ ভাইকে লাড্ডু খাওয়ান।

পুরুলিয়া: বাংলায় (West Bengal) বোনেদের সুরক্ষিত রাখতে এই ভাইফোঁটায় সকল ভাইকে শপথ নিতে হবে। বুধবার ভ্রাতৃদ্বিতীয়ার দিন পুরুলিয়া জেলা বিজেপির মহিলা নেত্রী-কর্মীদের কাছ থেকে ভাইফোঁটা নিয়ে সকল ভাইদের প্রতি এমন আহ্বান-ই রাখলেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো।
এদিন শহর পুরুলিয়ার রাঁচি রোডে সাংসদ কার্যালয়ে তিনি দলের মহিলা নেতা-কর্মীদের কাছ থেকে ফোঁটা নেন। সেই সঙ্গে ভাই- বোনের স্নেহের সম্পর্ককে মজবুত রাখতে বোনের কাছ থেকে ভাইফোঁটার ওই থালি নিয়ে রাজ্য পুলিশ থেকে জওয়ানদেরকেও ফোঁটা দেন সাংসদ। বোনেদের সুরক্ষার বিষয়ে বিকালে জমা, সকালে খরচ-র কথা মনে করিয়ে দেন তিনি। যারা বোনেদের প্রতি কু-দৃষ্টি দেবেন তাদের পরিণতি যে বিকালে জমা ও সকালে খরচের মত হবে। সেটাও পরিষ্কার করে দেন তিনি।
সাংসদ বলেন, “ভাই-ফোঁটার দিনে বোনেরা যেমন ভাইয়ের দীর্ঘায়ু কামনায় ফোঁটা দিচ্ছেন। ঠিক তেমনই পশ্চিমবাংলায় বোনেদেরকে সুরক্ষিত রাখার জন্য সকল ভাইদেরকে আজকের দিনেই শপথ নিতে হবে।”
পশ্চিমবাংলায় যে সরকার চলছে, তারা বোনেদেরকে সুরক্ষিত রেখেছে। এই কথা বলে সাংসদ জানান, “যাঁরা বোনেদের প্রতি কু-দৃষ্টি দিয়েছে তাদেরকে আপনারা দেখেওছেন বিকালে জমা, সকালে খরচ। আগামী দিনেও কিন্তু এটা হবে।” আগে সন্ধ্যা সাতটার পর বোনেরা বার হলে তাদেরকে প্রশ্ন করা হতো? তাদের দায়িত্ব কে নেবে? সেই কথা বলে সাংসদ বলেন,”যে ভাই দেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন তাঁরা বোনেদের দায়িত্ব নিয়েছেন । সেই রকমই আমরা সকল বোনেদের দায়িত্ব নেব।”
এদিন দুপুরে সাংসদ কার্যালয়ে রীতিমতো উৎসবের চেহারা নেয়। ঠিক যেমন ভাবে ফোঁটা হয়। অর্থাৎ ফোঁটার থালিতে প্রদীপ জ্বালিয়ে, সাংসদের মাথায় ধান ছড়িয়ে, দুর্বা ঘাস দিইয়ে, আয়না-চিরুনি দেখে ফোঁটা পর্ব চলে। হয় মিষ্টি মুখ। বোনেরা যেমন সাংসদ ভাইকে লাড্ডু খাওয়ান। তেমনই সাংসদও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে রাজ্য পুলিশের কর্মীদের লাড্ডু খাইয়ে দেন। বিজেপির মহিলা মোর্চার সভাপতি পুনম সিং পান্ডে বলেন, “সাংসদ আমাদের দাদা। ফোঁটা দিয়ে আমরা ওনার দীর্ঘায়ু কামনা করেছি। উনি আমাদের সকলকে আশীর্বাদ করেছেন। আমাদেরকে সুরক্ষিত রাখার কথা বলেছেন। বিজেপি একটা পরিবারের মতো। এদিন ফোঁটার অনুষ্ঠান থেকে আমরা সেই বার্তা দিলাম। “
