West Bengal Assembly Election: বাহিনীর লাঠিচার্জের মুখে কোলের শিশু? ব্যাপক উত্তেজনা সাতগাছিয়ায়
Toddler injured in Satgachia: তপ্ত পরিস্থিতি ১১৬ নম্বর বুথে। এই বুথেই ভিড় সরাতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে শোনা যায়। ওই সময় লাঠির ঘা এক দু বছরের বাচ্চার গায়েও লেগেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সূত্রের খবর, যে সময় লাঠিচার্জ চলছিল তখনই সেখানে এক ব্যক্তির কোলে ওই শিশুটি ছিল।

সাতগাছিয়া: প্রথম দফা শান্ত থাকলেও দ্বিতীয় দফায় সেই সৌভাগ্য হয়নি। সকাল থেকেই দিকে দিকে অশান্তির খবর। নবদ্বীপের বুথের সামনে তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থী গেলে আরও তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অন্যদিকে ক্যানিংয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভের ছবিও দেখা যায়। তপ্ত পরিস্থিতির মধ্যে ক্য়ানিং পশ্চিমের ১১২ নম্বর বুথে প্রায় ১ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধও হয়ে যায়। এরইমধ্যে ব্যাপক উত্তেজনার খবর আসে সাতগাছিয়া থেকেও।
তপ্ত পরিস্থিতি ১১৬ নম্বর বুথে। এই বুথেই ভিড় সরাতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে শোনা যায়। ওই সময় লাঠির ঘা এক দু বছরের বাচ্চার গায়েও লেগেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সূত্রের খবর, যে সময় লাঠিচার্জ চলছিল তখনই সেখানে এক ব্যক্তির কোলে ওই শিশুটি ছিল। তপ্ত পরিস্থিতির মধ্যে পড়ে যায় সে-ও। খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। যদিও সেন্ট্রাল ফোর্সের লোকজন স্থানীয় বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করেন। ভুলবশত যে ঘটনাটি ঘটে গিয়েছে তা বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু লাভের লাভ হয়নি। উল্টে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের।
অন্যদিকে উত্তেজনার ছবি দেখা যায় মন্তেশ্বরেও। ৩৫ নম্বর বুথেও দীর্ঘক্ষণ বন্ধ ভোট। ভোটাররা বলছেন তিন ঘণ্টারও বেশি সময় ভোট বন্ধ রয়েছে। অভিযোগে এখানেই ইভিএমে তৃণমূল প্রার্থীর নামের পাশে সেলোটেপ পড়েছে। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সিদ্দিকুল্লা চৌধুরীকে। এদিকে দুপুর ১টা পর্যন্ত এই পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৬৭ শতাংশ।
