Book Stall News: মাটিতে গড়াগড়ি খাচ্ছে বই, এবার উস্তিতে বামেদের বুকস্টল ভাঙচুর
BJP: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর স্টল সরিয়ে নিয়ে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে তৈরির চেষ্টা করলে পুলিশের সামনেই সেখানে গিয়েও একদল ব্যক্তি ভাঙচুর চালায়। এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম। ঘটনার প্রতিবাদে উস্তি থানার দ্বারস্থ হয়েছে সিপিএম নেতৃত্ব।

উস্তি: সপ্তমীতে যাদবপুরে বুক-স্টল ভাঙতে হাজির হয়েছিল বুলডোজার। কলকাতা তো বটেই বিভিন্ন জেলাতে বামেদের স্টল ভাঙচুর করার অভিযোগ উঠছে। এবারের ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার উস্তি। শনিবার রাতে বুকস্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। দফায়-দফায় ভাঙচুর চালানো হলো সেই স্টলে। অভিযোগ, মাটিতে ফেলে দেওয়া হয়েছে সব বই। বাধা দিতে গেলে সিপিএমের বেশ কয়েকজন কর্মী সমর্থককে মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় অভিযোগ বিজেপির দিকে। তবে, গেরুয়া শিবির সেই অভিযোগ উড়িয়েছে।
অভিযোগ, সন্ধে নাগাদ উস্তির মোড়ে বুকস্টল তৈরির সময় একদল ব্যক্তি এসে আচমকা ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর স্টল সরিয়ে নিয়ে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে তৈরির চেষ্টা করলে, পুলিশের সামনেই সেখানে গিয়েও একদল ব্যক্তি ভাঙচুর চালায়। এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম। ঘটনার প্রতিবাদে উস্তি থানার দ্বারস্থ হয়েছে সিপিএম নেতৃত্ব।
যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে এই স্টল তৈরি হচ্ছিল, তাই সাধারণ মানুষের পক্ষ থেকেই এই প্রতিবাদ করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি নেতা গৌর ঘোষ বলেন, “ওরা মিথ্যা কথা বলছে। এর সঙ্গে বিজেপির কোনও যোগসাজশ নেই। ওরা পুলিশের কাছে কোনও অনুমতি না নিয়েই জবর দখল করেছে।”
