DRI Busts: ১০.৩৬ কোটি টাকার ৬.৬১ কেজি বিদেশি সোনা! বাংলায় গোয়েন্দাদের বড় ব্রেক থ্রু
DRI Gold Smuggling: পশ্চিমবঙ্গ এবং অসমের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে এই সোনা বেআইনিভাবে দেশে ঢোকানো হত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ৯ মাসে এই চক্রটি প্রায় ৪৭৫ কোটি টাকা মূল্যের ৩১৮ কেজি সোনা পাচার করেছে।

দক্ষিণ ২৪ পরগনা: দেশজুড়ে সক্রিয় এক বিশাল সোনা পাচার চক্রের পর্দাফাঁস করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলা এই চক্রের মূল পাণ্ডা-সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১০.৩৬ কোটি টাকা মূল্যের ৬.৬১ কেজি বিদেশি সোনা।
ডিআরআই সূত্রে খবর, পশ্চিমবঙ্গ এবং অসমের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে এই সোনা বেআইনিভাবে দেশে ঢোকানো হত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ৯ মাসে এই চক্রটি প্রায় ৪৭৫ কোটি টাকা মূল্যের ৩১৮ কেজি সোনা পাচার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর মুম্বই, দিল্লি, কলকাতা, আহমেদাবাদ এবং গুয়াহাটিতে একযোগে ‘মাল্টি-সিটি অপারেশন’ চালায় তদন্তকারী দল।
পাচারকারীরা কলকাতা ও গুয়াহাটি থেকে ভুয়ো সংস্থার নামে মুম্বই, দিল্লি এবং আহমেদাবাদে কুরিয়ারের মাধ্যমে সোনা পাঠাত। নজর এড়াতে সোনার বারগুলিকে ছোট ছোট টুকরো করে পার্সেল করা হত। একাধিক লাইভ পার্সেল ট্র্যাক করে পার্সেলগুলো থেকে বিদেশি সোনা উদ্ধার হয়। প্রথমে পার্সেল ১০ জনকে এবং পরে মুম্বই থেকে চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়।
ধৃত ১১ জনকেই কাস্টমস অ্যাক্ট, ১৯৬২-এর অধীনে গ্রেফতার করা হয়েছে। প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে কুরিয়ারের মাধ্যমে সোনা পাচারের এই ছক বানচাল করাকে ডিআরআই-এর বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। চক্রের শিকড়ে পৌঁছতে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত জারি রয়েছে।
