AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Garia: ঘরের দরজায় পড়ে রাধা-কৃষ্ণের ছেড়া জামা! ফ্রিজে রাখা স্ত্রীর জন্মদিনের কেকের দিকে নজর যেতেই শরীর ঠান্ডা হয়ে গেল গড়িয়ার পৃথ্বীরাজের

Garia House Theft: ৮ টা ৪০ মিনিটে ঘরে ঢুকতেই দেখেন দরজা খোলা। মাটিতে পড়ে রাধা কৃষ্ণের ছেড়া জামা। দু'পা এগোতেই দেখেন ফ্রিজের দরজা খোলা। স্ত্রীর জন্মদিনের কেক আধখাওয়া। ততক্ষণে বাড়িতে কী হয়েছে, বুঝে গিয়েছে পৃথ্বীরাজ।

Garia: ঘরের দরজায় পড়ে রাধা-কৃষ্ণের ছেড়া জামা! ফ্রিজে রাখা স্ত্রীর জন্মদিনের কেকের দিকে নজর যেতেই শরীর ঠান্ডা হয়ে গেল গড়িয়ার পৃথ্বীরাজের
ডান দিকে পৃথ্বীরাজ Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 02, 2026 | 5:30 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা:  সন্ধ্যা ৮ টা থেকে ৮টা ৪০ মিনিট। মাঝের ৪০ মিনিটের ফারাক। তার মধ্যেই যে ঘরে এমন কিছু ঘটে যেতে পারে, তা ভাবতেও পারেননি নরেন্দ্রপুরের গড়িয়ার ফরতাবাদের বাসিন্দা পৃথ্বীরাজ। ৮ টা ৪০ মিনিটে ঘরে ঢুকতেই দেখেন দরজা খোলা। মাটিতে পড়ে রাধা কৃষ্ণের ছেড়া জামা। দু’পা এগোতেই দেখেন ফ্রিজের দরজা খোলা। স্ত্রীর জন্মদিনের কেক আধখাওয়া। ততক্ষণে বাড়িতে কী হয়েছে, বুঝে গিয়েছে পৃথ্বীরাজ। গৃহস্থের বাড়িতে একাধিক চুরির খবর সামনে আসে। কিন্তু গড়িয়ার এই চুরি সাড়া ফেলে দিয়েছে এলাকায়।

অভিযোগ, বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে নগদ টাকা, মূল্যবান রত্ন, বিদেশি ডলার-সহ পাঁচ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে পালিয়েছে তিন দুষ্কৃতী। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গড়িয়ার ফরতাবাদের বি-৬ প্রান্তিকা এলাকার ‘চন্দনা’ নামে একটি বাড়ির মালিক পৃথ্বীরাজ রায়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। পরিবারের সকলেই বাইরে গিয়েছিলেন। সেই সুযোগেই সন্ধ্যা ৮টা থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে বাড়ির পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকে তিন দুষ্কৃতী বলে অভিযোগ।

জানা গিয়েছে, ঘটনার দু’দিন আগেই পৃথ্বীরাজ রায়ের স্ত্রী সুকন্যা রায়ের জন্মদিন ছিল। সেই উপলক্ষে বাড়িতে আয়োজন করা হয়েছিল জন্মদিনের অনুষ্ঠান। ফ্রিজে রাখা ছিল জন্মদিনের কেক। অভিযোগ, বাড়িতে ঢুকেই প্রথমে ফ্রিজ খুলে সেই কেক বের করে খায় দুষ্কৃতীরা। এরপর ঘরের মধ্যে সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়ে তড়িঘড়ি মুখে কালো কাপড় বেঁধে নেয় তারা।

শুধু আলমারি বা ঘরের আসবাবপত্রই নয়, দুষ্কৃতীদের নজর পড়ে বাড়িতে থাকা রাধাকৃষ্ণের মূর্তির উপরেও। মূর্তি সোনার কি না, তা পরীক্ষা করে দেখে তারা। এমনকি রাধার মূর্তির পোশাকও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর সোফার চাদর গায়ে জড়িয়ে একের পর এক ঘরে ঢুকে তল্লাশি চালায় দুষ্কৃতীরা।

অভিযোগ, বাড়ি থেকে মূল্যবান রত্ন, বিদেশি ডলার, বিদেশি মদ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষ টাকারও বেশি বলে দাবি পরিবারের। পাশাপাশি ঘরের মধ্যে থাকা ছেলের পড়াশোনার মূল্যবান সামগ্রী ও ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।

দুষ্কৃতীরা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কেরও খোঁজ চালায়। তবে সেটি তারা খুঁজে পায়নি। ফলে সিসিটিভির ফুটেজ থেকে দুষ্কৃতীদের শনাক্ত করার সম্ভাবনা রয়েছে।

পরিবারের দাবি, জন্মদিন উপলক্ষে সুকন্যা রায়কে একটি মূল্যবান উপহার দেওয়া হয়েছিল। জন্মদিনের অনুষ্ঠানের পর বাড়িতে দামি উপহার ও মূল্যবান সামগ্রী থাকতে পারে, এমন খবর পেয়েই দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হানা দিয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

মাত্র ৪০ মিনিটের মধ্যে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। দুষ্কৃতীরা আগে থেকেই বাড়ির গতিবিধির উপর নজর রেখেছিল কি না, সেই প্রশ্নও উঠছে। ঘটনার নেপথ্যে পরিচিত কারও যোগ রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।

Follow Us