AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Babul Bose Death: প্রয়াত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সুরকার বাবুল বসু, কী হয়েছিল?

বাণিজ্যিক বাংলা সিনেমার সঙ্গীতে বাবুল বসুর কীর্তি আজও স্মরণীয়। ‘দেবদাস’, ‘দাদা ঠাকুর’, ‘পরিণাম’, ‘প্রতিবাদ’, ‘মানিক’, ‘নবাবনন্দিনী’, ‘শেষ যুদ্ধ’ এবং ‘আগুন জ্বলবেই’-এর মতো ছবিতে তাঁর সুর শ্রোতাদের মনে গভীর ছাপ রেখেছে। বিশেষ করে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট বাংলা ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর গান আজও মানুষের মুখে মুখে ফেরে।

Babul Bose Death: প্রয়াত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সুরকার বাবুল বসু, কী হয়েছিল?
| Updated on: Nov 23, 2026 | 1:47 PM
Share

বিনোদন জগতে ফের বিষাদের সুর। চলে গেলেন খ্যাতনামা সঙ্গীত পরিচালক ও গীতিকার বাবুল বসু। বয়স হয়েছিল ৭৪ বছর। ক্যানসারের সঙ্গে দশ মাসেরও বেশি সময় ধরে এক কঠিন লড়াই চালানোর পর গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, শারীরিক অসুস্থতা ও সীমাবদ্ধতার মধ্যেও শেষ দিন অবধি গান আর রেকর্ডিংয়ের জগতে ফিরে যাওয়ার আক্ষেপ বয়ে বেড়িয়েছেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, কোনও আগাম উপসর্গ ছাড়াই চলতি বছরের জানুয়ারির শুরুতে তাঁর শারীরিক জটিলতা ধরা পড়ে। বিভিন্ন পরীক্ষার পর জানা যায়, তিনি অগ্ন্যাশয়ের চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত। ফেব্রুয়ারি মাস থেকেই কেমোথেরাপি শুরু হয়েছিল। দীর্ঘ চিকিৎসাপর্বে মোট ১৫টি কেমো এবং ১০টি রেডিয়েশন নেন বাবুল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রেডিয়েশনের পর তিনি শারীরিকভাবে দারুণ দুর্বল হয়ে পড়েছিলেন। পরের দিকে ব্যথা ও শিরা শুকিয়ে যাওয়ার কারণে আর কেমো নিতে রাজি হননি; তখন চিকিৎসকদের পরামর্শে বড় ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা চলছিল। কিন্তু ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ায় শেষের দিকে জটিল চিকিৎসা না করে বাড়িতে রেখেই শুশ্রূষা করার পরামর্শ দেন চিকিৎসকেরা।

জীবনের শেষ সময়টা নিজের আপনজনদের মাঝেই কাটাতে চেয়েছিলেন এই সঙ্গীতকার।  পরিবারের সদস্যরাই সারাক্ষণ তাঁর দেখভাল করেছেন। অসুস্থতার এই দীর্ঘ সময়ে কারও সঙ্গে দেখা করা বা নিজের অসুস্থতার কথা বাইরে প্রকাশ করা— কোনওটিই চাননি তিনি। মৃত্যুর কয়েক দিন আগে থেকে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় এবং কথা বলার ক্ষমতাও কমে আসে। পরিবারের দাবি, প্রয়াত শিল্পীর শেষ ইচ্ছা অনুযায়ী, কোনও রকম জাঁকজমক ছাড়াই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

বাণিজ্যিক বাংলা সিনেমার সঙ্গীতে বাবুল বসুর কীর্তি আজও স্মরণীয়। ‘দেবদাস’, ‘দাদা ঠাকুর’, ‘পরিণাম’, ‘প্রতিবাদ’, ‘মানিক’, ‘নবাবনন্দিনী’, ‘শেষ যুদ্ধ’ এবং ‘আগুন জ্বলবেই’-এর মতো ছবিতে তাঁর সুর শ্রোতাদের মনে গভীর ছাপ রেখেছে। বিশেষ করে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট বাংলা ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর গান আজও মানুষের মুখে মুখে ফেরে; প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সেই ছবির সুরকার ছিলেন তিনিই। শুধু বাংলা নয়, হিন্দি চলচ্চিত্রেও অসংখ্য জনপ্রিয় গান সৃষ্টি করেছেন বাবুল। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউড থেকে বলিউডে। গায়ক কুমার শানু এক শোকবার্তায় জানিয়েছেন, তাঁর সঙ্গীতজীবনের শুরুর পর্বে বাবুলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।

Follow Us