Police Commissioner of Kolkata: ভোটের আগে ভাঙড়ের বড় বৈঠক করে ফেললেন কলকাতার নতুন পুলিশ কমিশনার, কী কী বিষয়ে কথা হল
Bhangar: পুলিশ বৈঠকে বসছে আর ভাঙড়ের হিংসা নিয়ে আলোচনা হবে না তা কী হয়! সূত্রের খবর, এরইমধ্যে ভাঙড়ের রাজনৈতিক হিংসা নিয়েও পুলিশ কর্তাদের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। হিংসা দমনে কড়া বার্তা এসেছে কমিশনারের তরফে। বৈঠকে আলোকপাত করা হল আর কোন কোন বিষয়ে?

ভাঙড়: কিছুদিন আগেই পেয়েছেন কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব। নতুন দায়িত্ব পাওয়ার পর এই প্রথম ভাঙড়ে এলেন সুপ্রতিম সরকার। ভাঙর ডিভিশনের অফিসে বসে সমস্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে ছিলেন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ-সহ সমস্ত থানার ওসিরা। এদিকে ভোটের বাকি আর হাতে গুনে কয়েক সপ্তাহ। আর ভোট এলেই তপ্ত ভাঙড়ের ছবিটা কমবেশি সকলেরই চেনা। এমতাবস্থায় একেবারে উচ্চপদস্থ কর্তাদের বৈঠক রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কিছুদিন আগেই ভাঙড় ডিভিশন এসে গিয়েছে কলকাতা পুলিশের নিয়ন্ত্রণে। পুলিশ সূত্রে খবর ভাঙড়ে খুব শীঘ্রই বিজয়গঞ্জ বাজার থানার উদ্বোধন হবে। তারই তোড়জোড় শুরু হয়েছে পুরোদমে। এদিন তা নিয়েও সুপ্রতিমদের বৈঠকে আলোচনা হয় বলে জানা যাচ্ছে। একইসঙ্গে যে সমস্ত পুলিশকর্মীরা ভাঙড়ে রয়েছেন তাঁদের সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজ নেন কলকাতার পুলিশ কমিশনার।
তবে পুলিশ বৈঠকে বসছে আর ভাঙড়ের হিংসা নিয়ে আলোচনা হবে না তা কী হয়! সূত্রের খবর, এরইমধ্যে ভাঙড়ের রাজনৈতিক হিংসা নিয়েও পুলিশ কর্তাদের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। হিংসা দমনে কড়া বার্তা এসেছে কমিশনারের তরফে। সূত্রের খবর, পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে সুপ্রতিমের সাফ বার্তা কোনওরকম হিংসাই বরদাস্ত করা যাবে না। সব ধরনের অশান্তি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে পুলিশ কর্মীদের। আলোচনার ডিসি অফিস থেকে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা হন সুপ্রতিম। যদিও সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি কিছু বলতে চাননি। এরপর ফের যখন ভাঙড়ে আসবেন তখন ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।
