Sonarpur Election Controversy: বিলি হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম? ভোটের মুখে বিতর্ক তুঙ্গে সোনারপুরে
BJP accused of voter inducement: অভিযোগ, গত কয়েকদিন ধরে সোনারপুরের বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে মাইকিং করে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের নাম করে ফর্ম বিলি করা হচ্ছে। তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরা প্রচার করছেন যে এই ফর্ম পূরণ করলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা মিলবে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সোনারপুর: ভোটপ্রচারের আবহে এবার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’– (Annapurna Bhandar Yojana) এর ফর্ম বিলিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বিজেপির বিরুদ্ধে সরাসরি টাকার প্রলোভন দেখিয়ে ফর্ম ফিলাপ ও মহিলাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
বিতর্কের সূত্রপাত
অভিযোগ, গত কয়েকদিন ধরে সোনারপুরের বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে মাইকিং করে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের নাম করে ফর্ম বিলি করা হচ্ছে। তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরা প্রচার করছেন যে এই ফর্ম পূরণ করলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা মিলবে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তৃণমূলের অভিযোগ
লাভলি মৈত্রর অভিযোগ, ফর্ম ফিলাপের নাম করে মহিলাদের কাছ থেকে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, “প্রকাশ্যে টাকার প্রলোভন দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। যেভাবে বিহারে মহিলাদের টাকা দিয়ে পরে ফেরত নেওয়ার প্রতারণা করা হয়েছিল, এখানেও সেই একই ছক কষা হচ্ছে।” তিনি আরও দাবি করেন, নির্বাচনের আগে এভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা বেআইনি এবং ভোটারদের গোপনীয়তা লঙ্ঘনের সামিল।
বিজেপির প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, এটি একটি দলীয় কর্মসূচি এবং জনগণের সুবিধার্থেই তাঁরা প্রকল্পের কথা প্রচার করছেন। এখানে কোনো প্রলোভন বা জালিয়াতির বিষয় নেই। বিজেপি দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি মনোরঞ্জন জোরদ্দার বলেন, “অন্নপূর্ণা ভান্ডারের নামে প্রচার নয়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সংকল্প পত্র, যাকে বাকিরা ইস্তেহার বলে, সেটার মধ্যে রয়েছে ৩ হাজার টাকা করে মহিলাদের দেওয়া হবে। সেটাকে প্রচারের জন্য ভরসা কার্ড যুব ও মহিলাদের মধ্যে দেওয়া হচ্ছে। তারই প্রচার চলছিল। সরাসরি অর্থ দেওয়ার কোনও প্রতিশ্রুতি নয়।”
প্রশাসনিক পদক্ষেপ
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে সোনারপুর ব্লক প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন শাসকদলের নেতৃত্ব। নির্বাচন কমিশন অভিযোগটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। ভোটের মুখে এই ‘ফর্ম রাজনীতি’ ঘিরে সোনারপুরের সাধারণ ভোটারদের মধ্যেও বিভ্রান্তি ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।
