Suvendu Adhikari: ভারতের রাজনীতিতে ৪জি, ৩জি, ২জি কারা, বুঝিয়ে দিলেন শুভেন্দু
Suvendu Adhikari on political families: ৩জি আরও অনেক আছে বলে উদাহরণ দিতে গিয়ে করুণানিধি, স্ট্যালিন, উদয়নিধির কথাও বলেন তিনি। তারপর বলেন, "২ জি-র তো ছড়াছড়ি। "পিসি-ভাইপো, মৌলানা-মুলায়ম, লালু- তেজস্বী, মুফতি-মেহবুবা। মোদীজির কিচ্ছু নেই।"

শিলিগুড়ি: ভারতীয় রাজনীতিতে পরিবারবাদ নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। বিশেষত এ রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পরও পরিবারবাদ নিয়ে একাধিকবার সরব হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার সেই প্রসঙ্গেই ৪জি, ৩জি তত্ত্ব বোঝালেন মুখ্যমন্ত্রী।
সোমবার কলকাতার পর শিলিগুড়িতে বিশেষ কর্মসূচি ছিল বিজেপির। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। সেখানেই এই তত্ত্বের ব্যাখ্যা দেন শুভেন্দু।
তিনি বলেন, “ভারতে ৪জি আছে, ৩জি আছে, ২জি আছে। মোদীজির কোনও জি নেই।” এরপরই তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “৪জি হল, চাচা নেহরু, বেটি ইন্দিরা, রাজীব গান্ধী, রাহুল গান্ধী। ৩ জি হল শেখ আব্দুল্লা, ফারুক আব্দুল্লা, ওমর আব্দুল্লা।” এরকম ৩জি আরও অনেক আছে বলে উদাহরণ দিতে গিয়ে করুণানিধি, স্ট্যালিন, উদয়নিধির কথাও বলেন তিনি। তারপর বলেন, “২ জি-র তো ছড়াছড়ি। “পিসি-ভাইপো, মৌলানা-মুলায়ম, লালু- তেজস্বী, মুফতি-মেহবুবা। মোদীজির কিচ্ছু নেই। আগে দেশ, পিছে দেশ।”
এদিন শিলিগুড়িতে একগুচ্ছ প্রতিশ্রুতিও দিয়ে এসেছেন তিনি। বলেছেন, শিলিগুড়িবাসীর যাতে কখনও মনে না হয় যে কলকাতা তথা দক্ষিণের নেতা বলে মুখ্যমন্ত্রী বঞ্চিত করছেন। একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, শিলিগুড়িতে আইআইটি-র মতো কোনও প্রতিষ্ঠানও তৈরি করবেন তিনি।
