Pakistan Air Force: আস্ত গ্রাম নিমেষে ‘মৃত্যুপুরী’, নিজের দেশেই বোমা হামলা চালাল পাকিস্তান
Pakistan Bombs on Khyber Pakhtunkhwa: সংঘর্ষ নয়, হামলা। তাও করল কারা? পাকিস্তানি বায়ুসেনা। আর ভুগল কারা? আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, সাধারণ মানুষ। পাক বায়ুসেনার পরপর বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খাইবার পখতুনখোয়ার মাত্রে দারা গ্রাম।

ইসলামাবাদ: অদূরেই ‘কাল্পনিক’ ডুরান্ড লাইন। তা পেরিয়ে গেলে তালিবান শাসিত আফগানিস্তান। পাকিস্তানের খাইবার পখতুনখোয়া একেবারেই কাবুলিওয়ালাদের দেশ লাগোয়া। মরু জমি, শান্ত, মাঝে মধ্য়ে উত্তপ্ত হয় সন্ত্রাসী হানায়। কখনও আবার উত্তপ্ত হয় তালিবান-পাকিস্তানের সেনা সংঘর্ষে। তবে সোমবারের শুরুটা সেখানে একটু অন্যরকম ভাবে হল।
সংঘর্ষ নয়, হামলা। তাও করল কারা? পাকিস্তানি বায়ুসেনা। আর ভুগল কারা? আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, সাধারণ মানুষ। পাক বায়ুসেনার পরপর বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খাইবার পখতুনখোয়ার মাত্রে দারা গ্রাম। সম্ভাব্য মৃত্যুর সংখ্যা ৩০। তবে কেউ কেউ বলছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
উঠে এল ভয়াবহ ছবি
Shameful act by Pakistan🚨
30 Killed 20 Injured
Pakistani military carried out an airstrike on a residential settlement last night,
Air Force (PAF) used JF-17 fighter jets to drop at least 8 LS-6 bombs on the village.
📍Matre Dara, Tirah Valley, Khyber Pakhtunkhwa.
Video 📷 pic.twitter.com/uC2qjznoAy
— Mayank (@mayankcdp) September 22, 2025
স্থানীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাত দু’টো নাগাদ পাকিস্তানের খাইবার পখতুনখোয়া এলাকার ওই গ্রামে পরপর আটটি এলএস-৬ বোমা ফেলেছে পাকিস্তানি বায়ুসেনা। যার জেরে নিমেষে জ্বলে-পুড়ে প্রাণ গিয়েছে শিশু, মহিলা-সহ ৩০ জনের। সমাজমাধ্যমেও বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে (যাচাই করেনি টিভি৯ বাংলা), যেখানে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা গ্রাম। উদ্ধার হচ্ছে পুড়ে খাক হয়ে যাওয়া দেহ।
হঠাৎ কেন হামলা?
বরাবরই খাইবার পখতুনখোয়া হয়ে এসেছে তালিবানদের জায়গা। অদূরেই আফগানিস্তান। তাই তাদের পাকিস্তানের ভিতরে আস্তানা গড়তে খাইবার পখতুনখোয়াই হয়েছে সেরা ঠিকানা। যার জেরে তটস্থ হয়েছে পাকিস্তান। সম্প্রতি, এই এলাকায় একাধিকবার সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে পাকিস্তানী সেনা। স্বেচ্ছাসেবী সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের একটি রিপোর্টে জানিয়েছিল পাকিস্তানের এই সন্ত্রাস দমন অভিযানের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একাধিক সাধারণ নাগরিকের। অবশ্য, সোমবারের এই হামলা প্রসঙ্গে এখনও মুখ খোলেনি পাক প্রশাসন।
