
ঢাকা: যত সময় গড়াচ্ছে, ততই পরিস্থিতি খারাপ হচ্ছে বাংলাদেশে (Bangladesh)। হাসিনার দেশে ফেরার আগেই ওপার বাংলা অশান্ত হয়ে উঠছে। আজ দেশজুড়ে লকডাউনের ডাক দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লিগ। তার মধ্যেই তীব্র উত্তেজনা। দফায় দফায় সংঘর্ষের খবর আসছে। এমনকী, পুলিশ থানাতেও আগুন লাগিয়ে দেওয়া হল।
বাংলাদেশের গোপালগঞ্জের মুকসুদপুর থানার আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, আওয়ামী লীগের সমর্থকরাই আগুন ধরিয়েছে। অন্যদিকে গোপালগঞ্জে বিএনপির প্রাক্তন সাংসদ এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়। বিএনপির একাধিক কর্মী সমর্থকের বাড়িতেও হামলা, ভাঙচুর করা হয়। উত্তপ্ত ঢাকাও। ডেমরায় পুলিশ মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ছে।
সকাল থেকেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। বাংলাদেশে লকডাউনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল রাজধানী ঢাকায়। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ডেমরা এলাকায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে দেখা যায় পুলিশ ও সামরিক বাহিনীকে।
একের পর এক সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ এবং কাঁদানে গ্যাসের ধোঁয়ায় কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় ডেমরার একাধিক এলাকা। লকডাউন ঘিরে বিক্ষোভ ও উত্তেজনার জেরে নিরাপত্তা বাহিনীর এই তৎপরতা বলে জানা যাচ্ছে।রাজধানীর বিভিন্ন এলাকায় লকডাউনকে কেন্দ্র করে উত্তেজনার খবরের মধ্যেই ডেমরার পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
সকালে নারায়ণগঞ্জের তারাবো সেতু এলাকাতেও উত্তেজনার ছবি সামনে আসে। সেতুর উপর থেকে তোলা ছবিতে দেখা যায়, জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে। পুলিশের সক্রিয়তায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
এর আগে থেকেই দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর সামনে এসেছিল। পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ ও চট্টগ্রামে বিজিবি পাহারা দিচ্ছে। এ ছাড়া আরও পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।