Corona Virus: ‘প্রাকৃতিক বিপর্যয় নয়, চিনের ল্যাবেই তৈরি হয়েছিল করোনা!’, পাঁচ বছর পর বড় দাবি আমেরিকার
Corona Virus: বাতিল হয়েছে বাইডেনের করে যাওয়া রীতি নীতি। বাতিল হয়েছে কত আইন। সেই ফাঁকে নিজের দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক সুতো ছিঁড়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন: বিশ্বজুড়ে করোনা মহামারি তৈরির জন্য কি একমাত্র দায়ী চিন? ২০২০ সালে মহামারির মতোই বিশ্বজুড়ে সংক্রমণ হয়েছিল এই প্রশ্নের। চিনের দিকেই ইঙ্গিতে দায় ঠেলছিল একাধিক রাষ্ট্র। সেই সময়কালে চিনের পাশে অভিভাবকের দাঁড়িয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার সংক্রমণে যে চিনের কোনও দায় নেই, এমনটাই দাবি করেছিল তারা।
বছর ঘুরেছে, সময় বদলেছে। কেটেছে করোনা, কমেছে আতঙ্ক। এখন সব স্বাভাবিক। তবে সেই স্বাভাবিক আবহকেই ফের সরগরম করে তুলল আমেরিকা। করোনা কোনও প্রাকৃতিক বিপত্তি নয়, বরং চিনের পরীক্ষাগারে তৈরি একটি ভাইরাস, দাবি করল মার্কিন গুপ্তচর সংস্থা CIA।
সেদেশে এখন বদলের আবহ। মার্কিন মসনদে সদ্যই বসেছেন নতুন প্রেসিডেন্ট। আর তারপর থেকে একের পর এক বড় বদল। বাতিল হয়েছে বাইডেনের করে যাওয়া রীতি নীতি। বাতিল হয়েছে কত আইন। সেই ফাঁকে নিজের দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক সুতো ছিঁড়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনা পর্বের পর থেকেই তিনি এই আন্তর্জাতিক সংস্থার বিমুখী হয়েছেন। কিন্তু কেন? তাঁর বরাবরের অভিযোগ, ‘করোনা আসলে চিনের ল্যাবে তৈরি একটি ভাইরাস, যা গোটা বিশ্বকে একটা মহামারির দিকে ঠেলে দিয়েছিল। আর সেই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্দাজ করা সত্ত্বেও চুপ থেকেছে।’
উল্লেখ্য, এবার ট্রাম্পের সময়কাল শুরু হতেই প্রেসিডেন্টের সুরে গেয়ে উঠল আমেরিকার গুপ্তচর সংস্থার প্রধান জন ব়্যাটক্লিফ। নতুন সরকার গঠনের পর গুপ্তচর সংস্থার প্রধানের পদ পেয়েছেন তিনি। আর গুরুদায়িত্ব পাওয়ার পর ট্রাম্পের সুরেই গেয়ে উঠলেন তিনি। তাঁর মতে, ‘সংগৃহিত তথ্য অনুযায়ী অনুমান, হয়তো করোনা আসলেই চিনের উহান প্রদেশের একটি বৈজ্ঞানিক পরীক্ষাগারে তৈরি একটি ভাইরাস।’

