Donald Trump: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে বড় বার্তা ট্রাম্পের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?
India-US Trade Deal: বর্তমানে ভারত সফরে রয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তিনিও জানিয়েছেন, চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তাঁর কথায়, কয়েকটি বিষয় নিয়ে এখনও সমাধানসূত্র বের করা বাকি রয়েছে।

ওয়াশিংটন: এক বছরেরও বেশি সময় ধরে চলছে আলোচনা। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মঙ্গলবার তিনি ইঙ্গিত দিলেন, বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই চুক্তি আমেরিকার আগের বাণিজ্য চুক্তিগুলির থেকে অনেকটাই আলাদা হবে।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ওরা চুক্তি করতে চায়। আমরাও চুক্তি করব। হ্যাঁ, আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি।” এর পরই তিনি বলেন, “এটি আমাদের করা আগের চুক্তিগুলির থেকে অনেকটাই আলাদা ধরনের হবে।” তবে প্রস্তাবিত চুক্তির শর্তাবলি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা যখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, তখনই এই মন্তব্য করলেন ট্রাম্প। আলোচনায় বাকি থাকা বিষয়গুলি মিটিয়ে ফেলার চেষ্টা করছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। আমেরিকার শুল্কনীতিতে পরিবর্তনের জেরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে ভারত সফরে রয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তিনিও জানিয়েছেন, চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তাঁর কথায়, কয়েকটি বিষয় নিয়ে এখনও সমাধানসূত্র বের করা বাকি রয়েছে।
শীঘ্রই চুক্তি চূড়ান্ত হওয়ার ইঙ্গিত রুবিওর-
মঙ্গলবার প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে রুবিও বলেন, দুই দেশ চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। সামান্য কয়েকটি বিষয় মিটিয়ে নেওয়া বাকি। তিনি বলেন, “স্বাক্ষরিত চুক্তি হাতে পাওয়ার আগে যতটা কাছাকাছি পৌঁছনো সম্ভব, আমরা এখন ঠিক ততটাই কাছাকাছি রয়েছি। চূড়ান্ত করার জন্য অল্প কয়েকটি বিষয় বাকি রয়েছে।”
বাকি বিষয়গুলির দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন রুবিও। তাতে চুক্তি ঘোষণা করার পথ প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলেন, “এর পর হয়তো দুই দেশের নেতারা চুক্তিতে স্বাক্ষর করতে পারবেন।” রুবিওর ভারত সফরে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করার মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে চলতি মাসেই আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। মিলওয়াকি ও ওয়াশিংটনে হওয়া সেই বৈঠকে প্রস্তাবিত চুক্তির খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির (BTA) প্রথম পর্যায়ের কাঠামো চূড়ান্ত করার কথা ঘোষণা করেছিল। কিন্তু পরবর্তী সময়ে আমেরিকার শুল্কনীতিতে পরিবর্তন আসায় চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
সম্প্রতি নয়াদিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছিলেন, চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলি চূড়ান্ত হয়ে গিয়েছে। দুই দেশ চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। একইভাবে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও আলোচনা নিয়ে আশা প্রকাশ করেছেন। তাঁর কথায়, দুই দেশই চুক্তির চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিত মিলেছে দুই দেশের শীর্ষ আধিকারিকদের বক্তব্যে। তবে চুক্তিটি আগের চুক্তিগুলির থেকে ‘অনেকটাই আলাদা’ হবে বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন, তাতে এর চূড়ান্ত শর্তাবলী নিয়ে এখনও স্পষ্টতা নেই।
