Iran-US: ফের শুরু ‘যুদ্ধ’! ইরান-আমেরিকার মধ্যে শান্তিচুক্তি বিশবাঁও জলে?
Iran-US war update: সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, হরমুজ প্রণালীর কাছে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই ঘাঁটি মার্কিন সেনা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছিল। তাই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাল্টা আমেরিকাতেও হামলা চালিয়েছে তেহরান।

ওয়াশিংটন: আমেরিকা ও ইরানের (Iran-America Conflict) যুদ্ধ কি আদৌ বন্ধ হবে। আদৌ দুই দেশের মধ্যে শান্তি চুক্তি (Iran-America Peace deal) হবে? সম্ভাবনা খুব ক্ষীণ। আমেরিকা এগোলে ইরান পিছিয়ে যাচ্ছে, কিংবা ইরান এগোলে পিছিয়ে যাচ্ছে আমেরিকা। শুধু তাই নয়, সংঘর্ষবিরতির মধ্যে ইরানের উপর হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। দিন কয়েক আগে হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। আবারও সেই হরমুজ়ের কাছেই তীব্র হামলা চালানো হয়েছে। আমেরিকার হামলার কড়া জবাবও দিয়েছে ইরান
আমেরিকা-ইরান যুদ্ধের তিন মাস
শুরুটা হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। আজ ২৮ মে। তিন মাস হয়ে গেল। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কোনও বদল হল না। এই তিন মাসে অনেক কিছু হল। হামলা, পাল্টা হামলা, একের পর এক মানুষের মৃত্যু, হরমুজ় বন্ধ, ট্রাম্পের ইরান ধ্বংসের হুঁশিয়ারি, পাল্টা তেহরানের হুঙ্কার, পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি বৈঠক, আবার তা ভেস্তে যাওয়া, আবারও হামলা, আমেরিকার হরমুজ অবরোধ, ইরানের হার না মানা মনোভাব… কম নাটক হয়নি। বিশ্ববাণিজ্য প্রায় ধুঁকছে, কত দেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারপরেও যুদ্ধ বন্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না আমেরিকা বা ইরান কেউই। অর্থাৎ কেউই মাথা নত করবে না। কখনও ট্রাম্প দাবি করছে শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত, কখনও সেই ট্রাম্পই আবার বলছে চুক্তি নিয়ে তাড়াহুড়ো করে চায় না তাঁরা। আবার তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিয়ম লঙ্ঘন হলে কোনও চুক্তি মানবে না তাঁরা। এরই মধ্যে ইরানের উপর আমেরিকা দু’বার হামলা চালিয়েছে।
কোথায় হামলা করেছে আমেরিকা?
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, হরমুজ প্রণালীর কাছে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই ঘাঁটি মার্কিন সেনা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছিল। তাই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্সকে ওই আধিকারিক জানিয়েছেন, হামলার লক্ষ্য ছিল ইরানের বন্দর আব্বাসে থাকা একটি গ্রাউন্ড কন্ট্রোল ফ্যাসিলিটি। অভিযোগ, সেখান থেকে পঞ্চম একটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল।মার্কিন আধিকারিকের দাবি, “এই পদক্ষেপ ছিল অত্যন্ত সীমিত ও সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। যুদ্ধবিরতি বজায় রাখার উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হয়েছে।”
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইরানের বন্দর শহর বন্দর আব্বাসের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানি সংবাদমাধ্যমের দাবি, স্থানীয় সময় রাত প্রায় দেড়টা নাগাদ শহরের পূর্ব দিকে অন্তত তিনটি বিস্ফোরণ ঘটে। এরপর কয়েক মিনিটের জন্য সক্রিয় করা হয় এয়ার ডিফেন্স সিস্টেম। উল্লেখ্য, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান। বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানোর চেষ্টা করলে আমেরিকাকে উচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইরান।
