Dubai Hotel: মাত্র ৫০০০ টাকায় রাত কাটাতে পারবেন, ফাইভ স্টার হোটেলগুলোর এ কী হাল!
পাঁচতারা সব হোটেলের ভাড়া যেভাবে পড়েছে, তা অবাক করার মতো। নতুন বুকিংও আসছে না তেমন। গত সপ্তাহেই বুকিং-এর হার নেমেছে ২০ শতাংশে, আর চলতি সপ্তাহে সেটা নামলে আরও। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, কোনও কোনও বিলাসবহুল হোটেলের ভাড়া তিনভাগের এক ভাগে নেমেছে।

দুবাই: যুদ্ধের প্রভাব পড়ছে সর্বত্র। বিপর্যস্ত জনজীবন। ধাক্কা খাচ্ছে বাণিজ্য। পর্যটন ব্যবসাতেও ভয়ঙ্কর প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে। বিশ্বের ভ্রমণ-প্রিয় মানুষদের অনেকের কাছেই প্রিয় গন্তব্য দুবাই। বিলাসবহুল হোটেল, রাজকীয় খাবার, স্কাই ডাইভিং থেকে মরুভূমি- সব স্বাদ পেতে দুবাই ভ্রমণ করেন অনেকে। কিন্তু সেখানকার আকাশে শোনা যাচ্ছে মিসাইলের শব্দ। সেই সঙ্গে হু হু করে পড়ছে হোটেলের ভাড়া।
পাঁচতারা সব হোটেলের ভাড়া যেভাবে পড়েছে, তা অবাক করার মতো। নতুন বুকিংও আসছে না তেমন। গত সপ্তাহেই বুকিং-এর হার নেমেছে ২০ শতাংশে, আর চলতি সপ্তাহে সেটা নামলে আরও। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, কোনও কোনও বিলাসবহুল হোটেলের ভাড়া তিনভাগের এক ভাগে নেমেছে।
স্থানীয় মুদ্রায় ফাইভ পাম জুমেইরা নামে এক লাক্সারি রিসর্টের একটি ঘরের ভাড়া থাকে ১০০০ দিরহাম। সেটা কমে হয়েছে ৩৪৯ দিরহাম। ওই টাকাতেই হোটেল রুমের পাশাপাশি স্পা পরিষেবা, খাবার- সবই পাওয়া যাবে।
তাজ জুমেইরার মতো পাঁচতারা হোটেলের ভাড়া লাগছে মাত্র ৭,২১৯ টাকা, সঙ্গে ২১২৪ টাকা ট্যাক্স। সাংরি-লা হোটেলের ভাড়া নেমেছে ১৩ হাজারে। তাজ দুবাইতে রুম পাওয়া যাচ্ছে ১২ হাজার টাকায়, যা সাধারণত ৩০ হাজার বা তার বেশি থাকে। দুবাইয়ের হায়াত রিজেন্সিতে এখন মাত্র ৫ হাজার টাকা দিলেই রাত কাটানো যাবে, আবার গ্র্যান্ড হায়াত দুবাই রিসর্টের ভাড়া নেমেছে ৯ হাজার টাকায়।
ফেব্রুয়ারি-মার্চে দুবাইয়ের হোটেলের চাহিদা সব বছরই বেশি থাকে। যুদ্ধের জেরে কার্যত মুখ থুবড়ে পড়েছে সেখানকার হোটেল তথা পর্যটন ব্যবসা।