Mohan Bhagwat: নিউইয়র্কে ‘সর্বজনীন ঐক্য’ অনুষ্ঠান, RSS প্রধান ভাগবতের বক্তব্য শুনতে হাজির হবেন ৫ হাজারের বেশি মানুষ
Mohan Bhagwat in New York: আয়োজকদের বক্তব্য, এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানবিক ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা এবং মুক্ত আলোচনার সুযোগ তৈরি করা। আমেরিকার ৩৯টি অঙ্গরাজ্য থেকে ৫,০০০-এরও বেশি মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি ২৫০টিরও বেশি সংগঠন এই কর্মসূচির সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

নিউইয়র্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ। আর এই উপলক্ষ্যে একাধিক কর্মসূচিতে যোগদানের জন্য আমেরিকা সফরে গিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-র প্রধান মোহন ভাগবত। আগামিকাল (২৯ অগস্ট) নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠানে রাখিবন্ধন থেকে আন্তঃধর্মীয় প্রার্থনা, থাকছে আন্তর্জাতিক নৃত্য-সংগীতের মেলবন্ধন।
RSS-র শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিশ্বব্যাপী জনসংযোগ কর্মসূচির অংশ এই অনুষ্ঠানটিতে ভারতীয় বংশোদ্ভূত প্রায় ৫,০০০ মানুষ উপস্থিত হতে পারেন। স্থানীয় সময় দুপুর ২টো থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। ভারতীয় সময় অনুযায়ী অনুষ্ঠানটি শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে এবং চলবে রাত ২টো পর্যন্ত।
অনুষ্ঠানের শুরুতেই থাকছে ‘ইন্টারন্যাশনাল ডান্স মোজাইক—মুভমেন্ট অ্যাক্রস ট্র্যাডিশনস’। সেখানে আফ্রিকান, লাতিন আমেরিকান, পূর্ব এশীয়, ইউরোপীয়, মধ্যপ্রাচ্য এবং ভারতীয় বিভিন্ন নৃত্য ও সংগীতের পরিবেশনা হবে। বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন তুলে ধরাই এই পর্বের মূল লক্ষ্য।
এর পাশাপাশি অনুষ্ঠানে রাখিবন্ধন উদযাপনের আয়োজন করা হয়েছে। এরপর আন্তঃধর্মীয় নেতাদের পক্ষ থেকে সর্বজনীন ঐক্য বা ‘ইউনিভার্সাল ওয়াননেস’-র পক্ষে একটি প্রস্তাব গ্রহণ করা হবে। একইসঙ্গে ঐক্য ও সম্প্রীতির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করার আহ্বান জানানো হবে। সবশেষে মূল বক্তব্য রাখবেন RSS প্রধান মোহন ভাগবত।
আয়োজকদের দাবি, আমেরিকার ৩৯টি অঙ্গরাজ্য থেকে ৫,০০০-এরও বেশি মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি ২৫০টিরও বেশি সংগঠন এই কর্মসূচির সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।
মোহন ভাগবতের এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই নিউইয়র্কে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। RSS-র আদর্শ নিয়ে আপত্তি তুলে কয়েকটি নাগরিক অধিকার ও আন্তঃধর্মীয় সংগঠন অনুষ্ঠানের বিরোধিতা করেছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও জানিয়েছেন, তিনি এই জমায়েতকে সমর্থন করেন না। তবে ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে ব্যক্তিগতভাবে বুক করা অনুষ্ঠান বাতিল করার মতো আইনি ক্ষমতা শহর প্রশাসনের রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
অন্যদিকে, অনুষ্ঠানের আয়োজকদের বক্তব্য, এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানবিক ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা এবং মুক্ত আলোচনার সুযোগ তৈরি করা। গায়িকা মেরি মিলবেনের মতো সমর্থকরাও অনুষ্ঠানের পক্ষে সওয়াল করেছেন।
