Pakistan Afghanistan Conflict: পাকিস্তানের ‘ডানা ছাঁটল’ তালিবানরা! হামলার মুখে নূর খান ঘাঁটি
Taliban Attack on Pakistan: গত বৃহস্পতিবার থেকে নতুন করে সংঘর্ষে মেতেছে দুই দেশ। তার পর থেকে টানা পাঁচ দিন হয়ে গেলেও থামেনি সংঘর্ষ। আফগানিস্তানের বিরুদ্ধে গজ়ব লিল হক অভিযানে নেমেছে পাকিস্তান। রাজধানী কাবুল-সহ আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে হামলা চালানো হয়েছে। এদিন তালিবানরা দাবি করেছে, পাকিস্তানের একটি যুদ্ধবিমান তাঁদের আকাশপথে প্রবেশ করে চুপিসারে হামলার চেষ্টা চালাচ্ছিল।

ইসলামাবাদ: পাকিস্তানের নূর খান বায়ুসেনা ঘাঁটিতে হামলা তালিবানদের। একদিকে ইরান-আমেরিকার মুখোমুখি দ্বৈরথ। যুদ্ধে তপ্ত গোটা মধ্য়প্রাচ্য়। তারই মাঝে আবার পাকিস্তান-আফগানিস্তান মুখোমুখি সংঘর্ষ। সব মিলিয়ে প্রতি মুহূর্তে চড়ছে পারদ। পশ্চিম এশিয়া জুড়ে যখন যুদ্ধের আবহ, সেই সময়েই পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে স্থিতু বায়ুসেনার অন্যতম কমান্ড সেন্টার, নূর খান ঘাঁটিতে হামলা চালাল তালিবানরা।
ইতিমধ্য়ে নিজেদের সমাজমাধ্যমে সেই হামলার কথা স্বীকার করেছে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রক। তার জানিয়েছে, “খাইবার পাখতুনখোয়া-সহ পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তালিবান বাহিনী। হামলা চালানো হয়েছে নূর খান বায়ুসেনা ঘাঁটি, কোয়েটার ১২ তম ডিভিশন সদর দফতরেও।”
গত বৃহস্পতিবার থেকে নতুন করে সংঘর্ষে মেতেছে দুই দেশ। তার পর থেকে টানা পাঁচ দিন হয়ে গেলেও থামেনি সংঘর্ষ। আফগানিস্তানের বিরুদ্ধে গজ়ব লিল হক অভিযানে নেমেছে পাকিস্তান। রাজধানী কাবুল-সহ আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে হামলা চালানো হয়েছে। এদিন তালিবানরা দাবি করেছে, পাকিস্তানের একটি যুদ্ধবিমান তাঁদের আকাশপথে প্রবেশ করে চুপিসারে হামলার চেষ্টা চালাচ্ছিল। তখনই ওই পাক-বিমানটিকে গুলিকে মাটিতে নামায় তাঁরা। আটক করা হয় পাক জওয়ানকেও। তারপর তালিবানদের পাল্টা হামলা। উড়িয়ে দেওয়া হল পাকিস্তানের গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটি।
তবে এখনই থেমে থাকছে না পাকিস্তান। শনিবার পাক প্রতিমন্ত্রী খোয়াজা আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। ওদের বিরুদ্ধে আমরাও সরাসরি যুদ্ধে নামলাম।” তারপরই রবিবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কন্দহরে পর পর বেশ কয়েকটি জায়গায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
