India-Bangladesh: কবে চালু হবে ভারত-বাংলাদেশ ভিসা? বড় কথা বললেন সেদেশের মন্ত্রী

India-Bangladesh Visa Service Resume: সেই সময় বাংলাদেশের সংবাদমাধ্য়ম প্রথম আলো তাদের একটি প্রতিবেদনে উল্লেখ করে, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং ত্রিপুরার আগরতলায় স্থিতু বাংলাদেশের সহকারী হাই কমিশন থেকে ফের ভারতীয় নাগরিকরা ভিসা পাবেন।

India-Bangladesh: কবে চালু হবে ভারত-বাংলাদেশ ভিসা? বড় কথা বললেন সেদেশের মন্ত্রী
প্রতীকী ছবিImage Credit source: নিজস্ব চিত্র

|

Feb 28, 2026 | 7:44 PM

ঢাকা: বাংলাদেশের নাগরিকরা যাতে ভারতে যেতে পারেন সেই ব্যবস্থা করছে বিদেশমন্ত্রক। শুক্রবার ফরিদপুরে গিয়ে এমনই বললেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাঁর আরও দাবি, “ভারতের সঙ্গে কথা হয়েছে। ভারতের হাইকমিশনার আসছেন। ওনারও চান ভিসা কার্যক্রম যেন স্বাভাবিক হয়ে যায়।”

চলতি মাসের গোড়ার দিকেই বাংলাদেশ পেয়েছে নির্বাচিত সরকার। আওয়ামী লিগ-হীন বাংলাদেশে মানুষ ভরসা রেখেছে চেনা বিএনপিতে। প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া ও জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। তারপরই বদলেছে ভারত-বাংলাদেশ সমীকরণ। সাময়িক ভাবে বন্ধ থাকা ভিসা প্রক্রিয়া নতুন করে চালু করার সিদ্ধান্ত নেয় ঢাকা।

সেই সময় বাংলাদেশের সংবাদমাধ্য়ম প্রথম আলো তাদের একটি প্রতিবেদনে উল্লেখ করে, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং ত্রিপুরার আগরতলায় স্থিতু বাংলাদেশের সহকারী হাই কমিশন থেকে ফের ভারতীয় নাগরিকরা ভিসা পাবেন। ভারতীয়দের জন্য ভিসা-সহ অন্যান্য পরিষেবাগুলি ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

প্রসঙ্গত, ২০২৪ সালে হাসিনার পতনের হাত ধরে অবনতি শুরু হয় ভারত-বাংলাদেশ সম্পর্কের। ২০২৪ সালের ৮ অগস্ট প্রথমবার ভিসা স্থগিত করে নয়াদিল্লি। ২০২৫ সালের ১৭ নভেম্বর থেকে ধাপে ধাপে ভিসা পরিষেবা সাময়িক ভাবে স্থগিত করে বাংলাদেশও। পরবর্তীতে ওসমান হাদির হত্যা ঘিরে ভিসা নিয়ে দেখা যায় টানাপোড়েন। এই অস্থির পরিস্থিতির আগে দৈনিক প্রায় ৮ হাজার ভিসা দিত নয়াদিল্লি। যা নেমে যায় দেড় হাজারে। চাপ বাড়ে বাংলাদেশেই। কারণ, বেশির ভাগ বাংলাদেশের মানুষ এপারে আসেন চিকিৎসার স্বার্থে। যা কার্যত বিঘ্নিত হয়।