AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Russia: মোদীর নেতৃত্বের প্রশংসা পুতিনের, ভারতের উপর চাপ দিলেই ‘বুমেরাং’! ঘুরিয়ে আমেরিকাকেই হুঁশিয়ারি রাশিয়ার প্রেসিডেন্টের?

Vladimir Putin Praises PM Modi: সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম (SPIEF)-এ ভারত-রাশিয়ার সম্পর্ককে তুলে ধরেন পুতিন। তাঁর কথায়, ভারত বরাবরই স্বাধীন বিদেশনীতি অনুসরণ করেছে। কোনও আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত না করে নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি।

India-Russia: মোদীর নেতৃত্বের প্রশংসা পুতিনের, ভারতের উপর চাপ দিলেই 'বুমেরাং'! ঘুরিয়ে আমেরিকাকেই হুঁশিয়ারি রাশিয়ার প্রেসিডেন্টের?
ভ্লাদিমির পুতিনImage Credit: PTI
| Updated on: Jun 06, 2026 | 8:56 AM
Share

মস্কো: ভারতের ‘যথার্থ’ বন্ধু রাশিয়া (Russia)। তা বারবার বুঝিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আগেই প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন, ভারতের উপর অহেতুক চাপ সৃষ্টি করা হলে, তা বিশ্বের জন্য খুব একটা সুখকর হবে না। এবার আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর কথায়, ভারত একটি সার্বভৌম দেশ এবং নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম। তাই, ভারতের উপর কোনও নিষেধাজ্ঞা নিয়ে চাপ সৃষ্টি করা হলে, তার ফল উল্টো হবে। মোদীর নেতৃত্বে তা বুমেরাং হতে পারে।

প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পুতিন 

সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম (SPIEF)-এ ভারত-রাশিয়ার সম্পর্ককে তুলে ধরেন পুতিন। তাঁর কথায়, ভারত বরাবরই স্বাধীন বিদেশনীতি অনুসরণ করেছে। কোনও আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত না করে নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি। উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ককে মোটেই ভালো চোখে দেখেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকাই। যদিও তাতে রাশিয়া ও ভারতের সম্পর্কে প্রভাব পড়েনি। এরই মধ্যে সম্প্রতি, ভারতের উপর আবারও শুল্ক বাণ ছুড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

তবে, পুতিনের কথায়, কোনও চাপ, কোনও হুঁশিয়ারি ভারতকে দমিয়ে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে পুতিন বলেন, “ভারত সবসময়ই একটি সার্বভৌম দেশ হিসেবে কাজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি বুমেরাং হয়ে ফিরে আসবে। ভারত নিজের স্বার্থকে সবার আগে রাখে।”

সু-৫৭ যুদ্ধবিমান নিয়ে ভারতকে বার্তা

রাশিয়ার প্রেসিডেন্ট জানান, অত্যাধুনিক সু-৫৭ স্টেলথ যুদ্ধবিমান প্রকল্পে একসময় ভারতকে অংশীদার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও সেই যৌথ প্রকল্প বাস্তবায়িত হয়নি। পরে রাশিয়া একাই এই যুদ্ধবিমান তৈরি করে। পুতিনের কথায়, “সু-৫৭ অত্যন্ত উন্নতমানের একটি যুদ্ধবিমান। বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক ফাইটার জেট। আমরা ভারতকে যৌথভাবে এই প্রকল্পে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। তা বাস্তবায়িত না হলেও আমরা নিজেরাই বিমানটি তৈরি করেছি এবং ভারত চাইলে তা বিক্রি করতে প্রস্তুত আছি।”

তিনি আরও জানান, সু-৫৭ শুধুমাত্র যুদ্ধবিমান হিসেবেই নয়, কমান্ড ও কন্ট্রোল প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহারের ক্ষমতা রাখে। ফলে আধুনিক যুদ্ধক্ষেত্রে এর বহুমুখী ভূমিকা রয়েছে।

ভারত-রাশিয়া প্রতিরক্ষা সম্পর্ক

ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতাকে ‘বিশেষ’ বলে উল্লেখ করেন পুতিন। তাঁর মতে, দুই দেশের সম্পর্ক কেবল অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যৌথ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। পুতিন বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হল পারস্পরিক আস্থা। আমরা শুধু বাণিজ্য বা যুদ্ধক্ষেত্রের সরঞ্জাম বিক্রির দিকে নজর দিই না, যৌথ গবেষণা ও উন্নয়নেও সমান গুরুত্ব দিই।”

ভারত যদি ভবিষ্যতে রাশিয়ার সু-৫৭ যুদ্ধবিমান বা এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয়, তাহলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে কি না, সেই প্রশ্নের উত্তরে পুতিন স্পষ্ট ভাষায় জানান, ভারতের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভারতেরই।বলেন, “ভারত একটি সার্বভৌম দেশ। কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তাঁদের জন্য সবচেয়ে আধুনিক এবং কার্যকর হবে, সেই সিদ্ধান্ত ভারত নিজেই নেবে। অন্য কেউ তা নির্ধারণ করতে পারে না।” অর্থাৎ ভারতের প্রশংসা করে ঘুরিয়ে আমেরিকাকেই কড়া বার্তা দিয়েছেন পুতিন।

Follow Us