AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World End Prediction 2026: আজকেই ধ্বংস হওয়ার কথা পৃথিবীর! ৬০ বছর আগের বৈজ্ঞানিক দাবি কি মিলবে?

Population Explosion Prediction: গবেষকদের হিসাব অনুযায়ী, জনসংখ্যা যে হারে বাড়ছিল, সেই প্রবণতা চলতে থাকলে ২০২০ সালের মধ্যেই পৃথিবীর জনসংখ্যা ২৫০০ কোটির গণ্ডি পেরিয়ে যেত। আর ২০২৬ সালের মধ্যে জনসংখ্যা পৌঁছে যেত ‘অসীম’-এর কাছাকাছি!

World End Prediction 2026: আজকেই ধ্বংস হওয়ার কথা পৃথিবীর! ৬০ বছর আগের বৈজ্ঞানিক দাবি কি মিলবে?
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Nov 13, 2026 | 1:41 PM
Share

নিউ ইয়র্ক: ২০২৬ সালের ১৩ নভেম্বর। এই দিনে ধ্বংস হওয়ার কথা পৃথিবীর। ডুমসডে হিসাবে উল্লেখ করা হয়েছিল আজকের দিনটা। ৬০ বছর আগে এমনটাই দাবি করা হয়েছিল বৈজ্ঞানিক জার্নালে। সত্যিই কি তাই হবে? আজই পৃথিবী ধ্বংস হবে?

দ্য মেট্রোর একটি রিপোর্ট অনুযায়ী, ১৯৬০ সালের ৪ নভেম্বর ‘জার্নাল সায়েন্স’ নামক একটি পেপার প্রকাশিত হয়েছিল। লিখেছিলেন পদার্থবিজ্ঞানী হেইনজ় ভন ফরেস্টার, প্র্যাট্রিশিয়া এম মোরা ও লরেন্স ডব্লু আমিওট। পেপারের টাইটেল ছিল “ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩, এ.ডি ২০২৬“।

ওই গবেষণাপত্রে লেখকরা ৪০০ খ্রিষ্ট পূর্বাব্দ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত জনসংখ্যার তথ্য বিশ্লেষণ করেছিলেন। সেই গবেষণাতেই পৃথিবীর জনসংখ্যা নিয়ে চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। গবেষকদের হিসাব অনুযায়ী, জনসংখ্যা যে হারে বাড়ছিল, সেই প্রবণতা চলতে থাকলে ২০২০ সালের মধ্যেই পৃথিবীর জনসংখ্যা ২৫০০ কোটির গণ্ডি পেরিয়ে যেত। আর ২০২৬ সালের মধ্যে জনসংখ্যা পৌঁছে যেত ‘অসীম’-এর কাছাকাছি! গবেষণায় তাঁদের নজরে আসে, সময়ের সঙ্গে পৃথিবীর জনসংখ্যা দ্বিগুণ হতে যে সময় লাগছে, তা ক্রমশ কমে আসছে।

এই প্রবণতার ভিত্তিতেই তাঁরা একটি গাণিতিক সূত্র তৈরি করেন। সেই সূত্র অনুযায়ী, জনসংখ্যা বাড়তে বাড়তে একসময় এমন একটি পর্যায়ে পৌঁছবে, যেখানে সমীকরণ আর অর্থপূর্ণ ফল দেবে না। গবেষকরা এই পরিস্থিতিকে বোঝাতে লিখেছিলেন, তাঁদের ভবিষ্যৎ প্রজন্ম ‘ক্ষুধায় মরবে না, বরং অতিরিক্ত জনসংখ্যার চাপে পিষ্ট হবে’।

১৩ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ?

এই ভবিষ্যদ্বাণী নিয়ে আজ, ১৩ নভেম্বর ফের আলোচনা হচ্ছে। কারণ গবেষক হেইনজ় ভনের জন্মদিন ছিল ১৩ নভেম্বর। তাঁর ১১৫তম জন্মদিনেই পুরনো সেই গবেষণার ভবিষ্যদ্বাণী নতুন করে সামনে এসেছে।

তবে এই গবেষণায় পৃথিবী ধ্বংসের কোনও নির্দিষ্ট কারণ বলা হয়নি। সেখানে কোনও গ্রহাণুর আঘাত, যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয়ের কথা ছিল না। মূলত এটি ছিল একটি গাণিতিক মডেল, যা জনসংখ্যা বৃদ্ধির একই হার ভবিষ্যতেও চলবে ধরে নিয়েছিল।

গবেষণাটি প্রকাশের পর সেই সময় যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছিল। বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয় এবং রাজনৈতিক বিতর্কেও এর উল্লেখ করা হয়েছিল।

ভবিষ্যদ্বাণী মেলেনি-

বাস্তবে অবশ্য সেই হিসাব সত্যি হয়নি। গবেষকদের মডেল প্রায় ৩০ বছর পর্যন্ত বাস্তব জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বেশ ভালোভাবে মিলেছিল। কিন্তু ১৯৯৩ সালের পর থেকে পৃথিবীর প্রকৃত জনসংখ্যা ওই পূর্বাভাসের তুলনায় অনেক পিছিয়ে যেতে শুরু করে।

এর প্রধান কারণ, বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়া। বর্তমানে বিশ্বের জন্মহার ১৯৬০ সালের তুলনায় অর্ধেকেরও কম। রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী, বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৮২০ কোটি। অর্থাৎ ২০২৬ সালে জনসংখ্যা ‘অসীম’ হয়ে যাওয়ার প্রশ্নই নেই। এমনকী, ২০২৫ সালের জন্য ওই পুরনো সূত্র অনুযায়ী প্রায় ১৩,১০০ কোটি মানুষ থাকার কথা ছিল, যা বাস্তব জনসংখ্যার তুলনায় বহু গুণ বেশি।

বিশেষজ্ঞদের মতে, গবেষণাটিকে পৃথিবী ধ্বংসের ভবিষ্যদ্বাণী হিসাবে দেখা ঠিক নয়। বরং এর মূল বার্তা ছিল—১৯৬০ সালের মতো দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি চিরকাল চলতে পারে না। তাই ১৩ নভেম্বর পৃথিবী শেষ হয়ে যাবে বা জনসংখ্যা অসীম হয়ে যাবে- এমন কোনও বৈজ্ঞানিক কারণ নেই। এটি মূলত একটি পুরনো গাণিতিক মডেলের সতর্কবার্তা, বাস্তব ভবিষ্যদ্বাণী নয়।

Follow Us