ATM-এ টাকা বা কার্ড আটকে গিয়েছে? এমন সময়ে কী করবেন, জেনে নিন…
Banking: যদি কোনও কারণে সামান্য দেরি হয়, তাহলে টাকা বা ডেবিট কার্ড এটিএমেই আটকে যেতে পারে। যদি এমন পরিস্থিতি হয়, তাহলে কী করবেন? ডেবিট কার্ড রেখে তো চলে আসতে পারবেন না, আবার বেশি টানাটানি করলে কার্ড ভেঙে যেতে পারে।

নয়া দিল্লি: এটিএম থেকে কম-বেশি আমরা সকলেই টাকা তুলি। তবে এটিএমে টাকা তোলার ক্ষেত্রে বেশ সতর্ক থাকতে হয়। যদি কোনও কারণে সামান্য দেরি হয়, তাহলে টাকা বা ডেবিট কার্ড এটিএমেই আটকে যেতে পারে। যদি এমন পরিস্থিতি হয়, তাহলে কী করবেন? ডেবিট কার্ড রেখে তো চলে আসতে পারবেন না, আবার বেশি টানাটানি করলে কার্ড ভেঙে যেতে পারে। তাই এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কী করা উচিত, তা জেনে নিন-
কেন এটিএমে কার্ড আটকে যায়?
- একাধিক কারণে এটিএমে ডেবিট কার্ড আটকে যেতে পারে। মেশিনে প্রযুক্তিগত সমস্যার কারণে বা নেটওয়ার্ক কানেকটিভিটির সমস্যার জেরে এমন হতে পারে।
- আবার যদি কোনও ব্যক্তি বারবার ভুল পিন দেন, সেক্ষেত্রেও মেশিনে কার্ড আটকে যেতে পারে।
- যদি ট্রানজাকশন হয়ে যাওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও, কার্ড সংগ্রহ না করা হয়, তাহলে মেশিনের ভিতরেই আটকে যেতে পারে কার্ড। ঠিক একইভাবে টাকা সংগ্রহ না করলে, তা এটিএমের ভিতরেই চলে যায় আবার।
- অনেক সময় কারেন্ট অফ বা সিস্টেম ম্যালফাংশনের কারণেও কার্ড আটকে যেতে পারে।
ডেবিট কার্ড আটকে গেলে কী করবেন?
যদি ডেবিট কার্ড আটকে যায়, তাহলে কার্ড ধরে অতিরিক্ত টানাটানির দরকার নেই। এতে কার্ড আরও আটকে যেতে বা ভেঙে যেতে পারে।
- প্রথমেই ব্যাঙ্কের কাস্টমার কেয়ার হেল্পলাইনে ফোন করুন এবং কোন এটিএমে আপনার কার্ড আটকে রয়েছে, তা জানান। প্রতিটি এটিএমের একটি নির্দিষ্ট নম্বর থাকে, এটিকে এটিএম আইডি (ATM ID) বলে। সম্ভব হলে এই নম্বরও ব্য়াঙ্ক-কে বলুন।
- আর্থিক নিরাপত্তার কারণে এরকম ঘটনা ঘটলে, সঙ্গে সঙ্গে কার্ড ব্লক করে দিন। কার্ড ব্লক করে দিলে, অন্য কেউ আপনার কার্ড বা অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে না।
ব্যাঙ্কে যোগাযোগ করলে তারা সাধারণত দুটি অপশন দেয়, প্রথম- পুরনো কার্ড ক্যানসেল করে, নতুন ডেবিট কার্ডের জন্য আবেদন করা। ৭ থেকে ১০ দিনের মধ্যেই বাড়িতে নতুন কার্ড পৌঁছে যায়। দ্বিতীয় প্রক্রিয়া হল আটকে থাকা কার্ড উদ্ধার করা।
কীভাবে আটকে থাকা কার্ড উদ্ধার করবেন?
যে ব্য়াঙ্কের অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্কের এটিএমেই যদি কার্ড আটকে যায়, তাহলে কার্ড তুলনামূলকভাবে দ্রুত উদ্ধার করা যায়। অন্য ব্যাঙ্কের এটিএমে কার্ড আটকে গেলে, গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হতে একটু বেশি সময় লাগে।
এটিএমের মেইনটেনেন্স টিম এসে এটিএম খোলে এবং কার্ড বের করে তা সরাসরি ব্যাঙ্কের হাতে তুলে দেয়। এরপর ব্যাঙ্ক গ্রাহককে খবর দেয়। ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে তখন কার্ড সংগ্রহ করতে হবে।
