
নয়া দিল্লি: চাকরি বদল করলে অনেক সময়ই নতুন অফিসে খুলে দেওয়া হয় নতুন স্যালারি অ্যাকাউন্ট। অনেকেই স্যালারি অ্যাকাউন্ট বদল করে নেন। কয়েকটা ক্লিকেই পেয়ে যান নতুন ডেবিট কার্ড। তবে একটা গুরুত্বপূর্ণ কাজ অনেকেরই নজর এড়িয়ে যায়, যার কারণে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেট থাকে না এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের কাছে। যদি ইপিএফও অ্যাকাউন্ট পরিবর্তন সম্পর্কে না জানে, তাহলে পিএফ থেকে টাকা তোলা সমস্যা হয়ে যেতে পারে।
সাধারণত বিশেষ কোনও দরকারে পড়লেই অনেকে অবসরের আগে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন। তবে সেই সময়ে সমস্যা তৈরি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন সম্পর্কে আপডেট না থাকায়।
যখনই চাকরি বদল বা ব্যাঙ্ক বদল করা হয়, তখন পে-রোল আপডেট হলেও, ইপিএফ আপডেট হয় না। ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-র সঙ্গে ব্য়াঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে, তা নিজে থেকে পরিবর্তন না করলে, তাই থেকে যায়। যদি লিঙ্ক করা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়, তবে পিএফ থেকে টাকা তোলায় সমস্যা হবে।
যদি ব্যাঙ্ক ডিটেইলস ভুল থাকে, তাহলে পিএফের ক্লেম রিজেক্ট বা খারিজ হয়ে যেতে পারে। সংশোধন করে, নতুন আবেদন করতে আরও বেশিদিন সময় লেগে যায়। তাই আগে থেকেই এই পরিবর্তন করে রাখা দরকার।