AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway Rules Change: ট্রেনে বড় বদল! আর থাকবে না প্যান্ট্রি কার, আসছে অত্যাধুনিক ‘হট বুফে’ কোচ

Train Pantry Car to be Replaced: রেলের পরিকল্পনা অনুযায়ী, বন্দে ভারত এক্সপ্রেস এবং অন্যান্য প্রিমিয়াম এক্সপ্রেস ট্রেনে প্রথমে এই হট বুফে কোচ চালু করা হতে পারে। পরবর্তীতে ধাপে ধাপে আরও রুটে এই পরিষেবা সম্প্রসারণ করা হবে। শুধু নতুন কোচ আনলেই হবে না। ১৬০ কিমি গতিতে ট্রেন চালাতে হলে রেলের পরিকাঠামোতে উন্নতির প্রয়োজন বলে মনে করছে ভারতীয় রেল।

Indian Railway Rules Change: ট্রেনে বড় বদল! আর থাকবে না প্যান্ট্রি কার, আসছে অত্যাধুনিক ‘হট বুফে’ কোচ
প্রতীকী ছবিImage Credit: Prabhat Kumar Verma/Pacific Press/LightRocket via Getty Images
| Updated on: Jun 11, 2026 | 12:43 PM
Share

নয়া দিল্লি: ট্রেন যাত্রাকে আরও আরামদায়ক ও আধুনিক করতে বড় পদক্ষেপ করল ভারতীয় রেল (Indian Railway)। এবার থেকে ট্রেনে আর থাকবে না প্যান্ট্রি কার (Pantry Car)। ধীরে ধীরে প্রচলিত প্যান্ট্রি কারের বদলে আনা হচ্ছে অত্যাধুনিক LHB EOG ‘হট বুফে’ কোচ। এই নতুন কোচে যাত্রীদের জন্য আরও উন্নত মানের গরম খাবার পরিবেশনের ব্যবস্থা থাকবে। প্রথম পর্যায়ে বন্দে ভারত-সহ একাধিক প্রিমিয়াম ও দ্রুতগতির ট্রেনে (Premium Train) এই কোচ চালু করার পরিকল্পনা করা হয়েছে।

জানা গিয়েছে, খাবার পরিষেবায় বড় বদল আনতে ১৬০ কিমি গতির আধুনিক ‘হট বুফে কোচ’ চালুর অনুমোদন দিয়েছে ভারতীয় রেল। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই কোচগুলি ভবিষ্যতের উচ্চগতির রেল পরিষেবার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে, এটি যাত্রীবাহী কোচ নয়, মূলত খাবার প্রস্তুতি, গরম রাখা ও পরিবেশনের জন্য বিশেষভাবে তৈরি পরিষেবা কোচ।

কী বিশেষত্ব এই হট বুফে কোচের?

নতুন LHB EOG হট বুফে কোচগুলি ফিয়াট বগির উপর তৈরি। এগুলির সর্বোচ্চ অ্যাক্সেল লোড ১৬০ কিলো নিউটন। ফলে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলার উপযোগী করেই এগুলি ডিজাইন করা হয়েছে। বর্তমানে ট্রেনে ব্যবহৃত প্যান্ট্রি কারের বদলে এই কোচে খাবার সংরক্ষণ, গরম রাখা এবং পরিবেশনের ব্যবস্থা আরও উন্নত হবে। দূরপাল্লার যাত্রীদের আরও ভালো মানের গরম খাবার দেওয়াই এর মূল লক্ষ্য।

কোন ট্রেনে চালু হতে পারে?

রেলের পরিকল্পনা অনুযায়ী, বন্দে ভারত এক্সপ্রেস এবং অন্যান্য প্রিমিয়াম এক্সপ্রেস ট্রেনে প্রথমে এই হট বুফে কোচ চালু করা হতে পারে। পরবর্তীতে ধাপে ধাপে আরও রুটে এই পরিষেবা সম্প্রসারণ করা হবে।

নতুন কোচের জন্য কী কী পরিবর্তন প্রয়োজন?

শুধু নতুন কোচ আনলেই হবে না। ১৬০ কিমি গতিতে ট্রেন চালাতে হলে রেলের পরিকাঠামোতে উন্নতির প্রয়োজন। জানা গিয়েছে, রেললাইন, সিগন্যালিং ব্যবস্থা এবং নিরাপত্তা পরিকাঠামোরও উন্নতির প্রয়োজন বলে মনে করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে উন্নতির প্রয়োজন দেখে নেওয়া যাক

রেল সূত্রে জানা গিয়েছে, রেল ট্র্যাকের জ্যামিতি ও কাঠামোগত মান উন্নত করতে হবে। উন্নত সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থা চালু করতে হবে। নিয়মিত ট্র্যাক পরিদর্শন ও পর্যবেক্ষণ বাড়ানো হবে। কোচে অতিরিক্ত নিরাপত্তার জন্য মেটালিক সেফটি স্লিং ব্যবহার করা হবে।

উচ্চগতির পরিষেবার জন্য দক্ষিণ ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে প্রায় ৪৪৮ কোটি টাকা বিনিয়োগ করছে ভারতীয় রেল। ট্র্যাক ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে ওই রুটগুলিকে দ্রুতগতির ট্রেন চলাচলের উপযোগী করা হবে।

নতুন হট বুফে কোচ চালু হলে যাত্রীদের কী সুবিধা হবে?

রেল কর্তৃপক্ষের মতে, নতুন হট বুফে কোচ চালু হলে একাধিক সুবিধা পাবেন যাত্রীরা। সেই তালিকায় রয়েছে

  • গরম ও উন্নত মানের খাবার।
  • খাবারের বৈচিত্র্য বাড়বে। অর্থাৎ মেনুতে নানারকম খাবার পাওয়া যাবে।
  • পরিষেবা আরও দ্রুত ও কার্যকর হবে।
  • প্রিমিয়াম ট্রেনগুলির সামগ্রিক যাত্রীর অভিজ্ঞতা উন্নত হবে।

রেল আধুনিকীকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই নতুন হট বুফে কোচ চালু করা হচ্ছে। ভবিষ্যতে দেশের আরও বেশি রুটে এই অত্যাধুনিক কোচ চালু হতে পারে। তবে, কোন কোন রুটে চালু হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি রেল।

Follow Us