OmDayal Group of Institutions: স্থাপত্যবিদ, শিক্ষাবিদ, নগর পরিকল্পনাবিদ ও পড়ুয়াদের এক মঞ্চে নিয়ে এল ওমদয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনস
সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কার বিতরণ এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দু’দিনের কর্মসূচির শেষ হয়। শহর পরিকল্পনা ও নগর উন্নয়নের আলোচনার কেন্দ্রে তরুণ প্রজন্মকে রেখে এওটিটি ২০২৬ এমন শহর গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে, যেখানে মানুষ, পরিসর এবং সুযোগের মধ্যে তৈরি হবে নিবিড় সংযোগ।

পড়ুয়াদের চোখে ভবিষ্যতের স্বপ্ন। আর সামনে থেকে তাঁদের দিশা দেখাচ্ছেন বিশিষ্ট স্থপতি, শিক্ষাবিদ আর নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা। স্থাপত্য, নগর উন্নয়ন এবং তরুণ প্রজন্মের স্বপ্ন ও আকাঙ্ক্ষা—এই তিন বিষয়কে কেন্দ্র করে আয়োজিত হল ‘আর্কিটেক্ট অফ দ্য টাইমস’ (AOTT 2026)। ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনসের স্থাপত্য বিভাগের উদ্যোগে এবং ইনস্টিটিউট অব আরবান ডিজাইনার্স ইন্ডিয়া (IUDI)-র পশ্চিমবঙ্গ শাখার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩০ ও ৩১ অক্টোবর কলকাতার ডিপিএস রুবি পার্ক সিনিয়র স্কুলে দু’দিনের এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল, ‘ইয়ুথ অ্যান্ড দ্য সিটি: কানেক্টিং স্পেসেস, কানেক্টিং মাইন্ডস’।
এই অনুষ্ঠানে বিশিষ্ট স্থপতি, শিক্ষাবিদ, নগর পরিকল্পনা বিশেষজ্ঞ এবং পড়ুয়ারা একত্রিত হয়ে শহরের পরিবর্তিত চেহারা এবং আগামী দিনের শহর গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সমসাময়িক নগর জীবনের সমস্যা, পরিবেশবান্ধব উন্নয়ন, জনসাধারণের জন্য উন্মুক্ত পরিসর এবং সকলের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে শহর পরিকল্পনার মতো বিষয়গুলি নিয়ে মতবিনিময়ের মঞ্চ হয়ে ওঠে এই অনুষ্ঠান।

পড়ুয়াদের সঙ্গে আলোচনায় যোগ দেন অধ্যাপক ভাস্কর চট্টোপাধ্যায়, সাগর আগরওয়াল, ড. যোগেশ কুমার সিনহা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মধুমিতা রায়-সহ বিশিষ্ট অতিথি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন ক্রিয়েটিভ ফুটপ্রিন্টসের আর্কিটেক্ট তথা প্রিন্সিপাল আরবান ডিজাইনার আদর্শ কাপুর। স্থাপত্য এবং নগর নকশার ক্ষেত্রে নতুন প্রবণতা ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে নিজের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ইয়ুথ অ্যান্ড দ্য সিটি’ শীর্ষক প্যানেল আলোচনা। স্থাপত্য ও আরবান ডিজাইন জগতের বিশিষ্ট পেশাদাররা এই আলোচনায় অংশ নেন। প্যানেলে ছিলেন ইউটোপিয়ান আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আর্কিটেক্ট সৌমিত্র মজুমদার, মায়া ল্যান্ডস্কেপ অ্যান্ড ইন্টেরিয়র্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর আর্কিটেক্ট মহুয়া ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মৈনাক ঘোষ এবং আর্কিটেকটনিক সার্ভিসেসের পার্টনার আর্কিটেক্ট রুনা গোস্বামী। আলোচনাটি পরিচালনা করেন এ ইউ কোলাবরেটিভের ক্রিয়েটিভ ডিরেক্টর এবং IUDI পশ্চিমবঙ্গ শাখার অফিস-ইন-চার্জ আর্কিটেক্ট সহেলি ঘোষ।
আলোচনায় শহরের উন্মুক্ত পরিসর, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের মধ্যে সমন্বয়ের গুরুত্ব উঠে আসে। বিশেষ করে তরুণ প্রজন্ম-সহ শহরের বাসিন্দাদের দৈনন্দিন চাহিদা ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে আগামী দিনের শহর গড়ে তোলা যায়, তা নিয়ে মতামত বিনিময় করেন বক্তারা।
দু’দিনের এই অনুষ্ঠানে স্থাপত্য প্রদর্শনী, নাসা (NASA) টিমের উপস্থাপনা, বিভিন্ন কর্মশালা, বিশেষজ্ঞদের বক্তব্য এবং পড়ুয়াদের প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগগুলি পড়ুয়াদের সৃজনশীল চিন্তাভাবনা প্রকাশ, একসঙ্গে কাজ করার দক্ষতা বৃদ্ধি এবং পেশাদার স্থপতিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেয়। সমসাময়িক স্থাপত্যচর্চা সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান তাঁরা।
AOTT ২০২৬-এর মাধ্যমে ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনসের স্থাপত্য বিভাগ পেশাদার মহলের সঙ্গে যোগাযোগ এবং বাস্তব অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার প্রসারে তাদের ধারাবাহিক উদ্যোগের কথাও তুলে ধরে। শ্রেণিকক্ষের বাইরেও পড়াশোনার পরিসর বাড়াতে নিয়মিত প্রদর্শনী, কর্মশালা, সেমিনার, প্রতিযোগিতা এবং বিশিষ্ট পেশাদারদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে এই বিভাগ। এর আগে ৬৮তম জোনাল নাসা কনভেনশন (জোন ৪) সফলভাবে আয়োজন করাও দেশের স্থাপত্যের পড়ুয়াদের বৃহত্তর পরিসরের সঙ্গে তাদের সক্রিয় যোগাযোগের পরিচয় দেয়।
সম্প্রতি পড়ুয়াদের একটি উল্লেখযোগ্য সাফল্যের কথাও তুলে ধরা হয় আলোচনায়। নাসা ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত ৬৮তম লুই আই কান ট্রফিতে ‘ক্যাটালাইজ’ বার্ষিক থিমের অধীনে ৩০০টি অংশগ্রহণকারী কলেজের মধ্যে স্পেশাল মেনশন ১ (দ্বিতীয় স্থান) অর্জন করে ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনস।
এই প্রতিযোগিতায় এমন একটি পবিত্র ধর্মীয় স্থানকে নথিভুক্ত করতে বলা হয়েছিল, যা আগে কখনও নথিভুক্ত করা হয়নি। ওমদয়ালের পড়ুয়ারা বেছে নেন দক্ষিণেশ্বর কালী মন্দিরকে। দীর্ঘ কয়েক মাসের গবেষণা, বিস্তারিত স্থাপত্য নকশা তৈরি এবং যৌথভাবে সরেজমিনে কাজ করার মধ্য দিয়ে তৈরি হয় তাদের প্রকল্প। এই স্বীকৃতিকে পড়ুয়া ও প্রতিষ্ঠানের কাছে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পড়ুয়াদের দিশা দেখাচ্ছেন বিশিষ্ট স্থপতি, শিক্ষাবিদ আর নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা

IUDI-র পশ্চিমবঙ্গ শাখার সঙ্গে এই যৌথ উদ্যোগ শিক্ষাক্ষেত্রের সঙ্গে পেশাদার জগতের যোগাযোগ আরও মজবুত করেছে। এর ফলে নগর নকশা ও আঞ্চলিক উন্নয়নের সমসাময়িক বিষয়গুলি নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন পড়ুয়ারা। পাশাপাশি, বি.আর্ক প্রতিযোগিতা ও প্রদর্শনীর মাধ্যমে নিজেদের নকশা তৈরির দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং নির্মিত পরিবেশ সম্পর্কে উপলব্ধি তুলে ধরার মঞ্চ পান তাঁরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে IUDI-র পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান আর্কিটেক্ট অয়ন সেন নগর উন্নয়নের ক্ষেত্রে বিপুল সম্ভাবনা ও নতুন সুযোগের কথা তুলে ধরেন। ভবিষ্যতের শহর গড়ে তুলতে উদ্ভাবনী চিন্তাভাবনা, সুচিন্তিত পরিকল্পনা এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।
সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কার বিতরণ এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দু’দিনের কর্মসূচির শেষ হয়। শহর পরিকল্পনা ও নগর উন্নয়নের আলোচনার কেন্দ্রে তরুণ প্রজন্মকে রেখে এওটিটি ২০২৬ এমন শহর গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে, যেখানে মানুষ, পরিসর এবং সুযোগের মধ্যে তৈরি হবে নিবিড় সংযোগ। পরিবেশবান্ধব এবং মানুষের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি দায়িত্বশীল স্থাপত্য পেশাদার তৈরির অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনসের স্থাপত্য বিভাগ।
