
কলকাতা : হলিউডের সিনেমা মানেই যেন চোখের সামনে গোটা বিশ্বের যাবতীয় দৃশ্যের সম্মুখীন হওয়া। ক্রিস্টোফার নোলান থেকে শুরু করে জ্যাক স্নাইডার, সিনেমা রিলিজ করলেই ভারতীয় দর্শকের মধ্যে হিড়িক পরে হলমুখী হওয়ার। এছাড়াও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে তো হলিউড সিনেমা বা সিরিজ রয়েছেই। এবার, সেই হলিউড ইন্ডাস্ট্রি নিয়েই এসেছে বড় খবর। দুই বড় প্রোডাকশন হাউস, ‘প্যারামাউন্ট স্কাইড্যান্স’ ও ‘ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’ একসঙ্গে মার্জ হওয়ার ফলে হলিউড সিনেমার বাজারে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, ২০২৭ সালের মধ্যে এই দুই সংস্থার সংমিশ্রনে তৈরি হওয়া স্টুডিওটি বক্স অফিসে একছত্র আধিপত্য বিস্তার করতে পারে। দুই কোম্পানির মধ্যে হওয়া চুক্তির অঙ্কটিও বিশাল, প্রায় ১১১ বিলিয়ন ডলার।
প্যারামাউন্টের সিইও ডেভিড এলিসন ইতিবাচক খবর দিয়ে বলেছেন,”এই মার্জের ফলে সিনেমা তৈরি হওয়া কমবে না, বরং বাড়বে। আমাদের লক্ষ্য় এক বছরে মোট ৩০টি সিনেমা রিলিজ করার। এর মধ্যে ১৫টি হবে প্যারামাউন্টের ও ১৫টি ওয়ার্নার ব্রাদার্সের।” ২০২৭ সালেই আপাতত ২৬টি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে এই দুই প্রোডাকশন হাউজের। সিনেমা বিশেষজ্ঞদের মতে, দুই প্রোডাকশন হাউসের একসঙ্গে পথ চলার ফলে শক্তিশালী বক্স অফিস পেতে পারে তাদের বড় বাজেটের সিনেমাগুলো। একদিকে, প্যারামাউন্ট নিয়ে আসতে চলেছে কে-পপ ড্রামা নিয়ে তৈরি সিনেমা, টিনেজ মিউট্যান্ট নিঞ্জা টার্টলের মতো বিখ্যাত সিনেমা, অন্যদিকে ওয়ার্নার ব্রাদার্সের মুক্তি পাবে ‘লর্ড অফ দ্য রিংস’, ‘কঞ্জিউরিং’, ‘ডিসি ইউনিভার্সের’ বড় বাজেটের সিনেমা। এগুলি নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা রয়েছে ভক্তদের মধ্যে। সিনেমার ব্যবসা বিশ্লেষক সংস্থা কমস্কোর (ComScore)-এর তরফে জানানো হয়েছে, ২০২৭ সালে এই জোট সবথেকে বেশি আয় করা প্রোডাকশন ষ্টুডিও হতে চলেছে। ২০২৩ সালে ডিজনিকে সরিয়ে এই আয়ের নিরিখে প্রথম স্থানে চলে গিয়েছিল ইউনিভার্সাল। তবে এই দুই বড় প্রোডাকশনের মার্জ হওয়ার ফলে ডিজনি ও ইউনিভার্সালের কাছে বিষয়টি যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ বক্স অফিসে ভাল ব্যবসা করতে তাদেরকেও এবার ভাল সিনেমা আনতে হবে।
তবে বিশেষজ্ঞদের মতে, বাকিরা বসে থাকবে না। ২০২৭ সালে ডিজনির ঝুলিতে রয়েছে ‘ফ্রোজেন’, ‘অ্য়াভেন্জার্স’-এর মতো সিনেমা, যেগুলি বড় অঙ্কের ব্যবসা করবেই। এছাড়া আমেরিকা ও ইংল্যান্ডের বাজারে বাকি সংস্থাদের থেকে আইনি সংকেত পাওয়াটা এই মার্জের কাছে বড় পরীক্ষা বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, ২০২৭ সালের হলিউডের বাজারে ‘প্যারামাউন্ট স্কাইড্যান্স’ ও ‘ওয়ার্নার ব্রাদার্স’-এর মার্জিং এক নতুন যুগের সূচনা করতে চলেছে।