Paytm Service: পেটিএম দিয়ে আর টাকা ট্রান্সফার হবে না? RBI-এর নির্দেশের পর যা জানাল সংস্থা…
Paytm Service Effected: গতকাল আরবিআই একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ২২(৪) ধারায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে। ২৪ এপ্রিলের পর থেকে সব কাজকর্ম অর্থাৎ লেনদেন থেকে শুরু করে অর্থ জমা দেওয়া বা ঋণ দেওয়া সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পেটিএম দিয়ে কি টাকা ট্রান্সফার হবে না?

নয়া দিল্লি : বন্ধ হয়ে যাচ্ছে পেটিএম? এই অ্যাপ দিয়ে কি টাকা ট্রান্সফার বন্ধ হয়ে যাবে? গতকাল রিজ়ার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার একটি নির্দেশিকা সামনে আসার পর থেকেই এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে। আসলে গতকাল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে আরবিআই। এই সিদ্ধান্তে কি সত্যিই টাকা ট্রান্সফার করা যাবে না এবার থেকে? আর কোন কোন ব্যবস্থা বন্ধ হতে চলেছে? এই নিয়ে মানুষের মধ্যে নানারকম বিভ্রান্তি তৈরি হয়েছে। অবশেষে সবটা স্পষ্ট করে দিল সংস্থা।
সত্যি কি বন্ধ হয়ে যাবে পেটিএম পরিষেবা?
গ্রাহকদের জন্য সুখবর যে ইউপিআই ট্রান্সফার কোনওভাবেই বন্ধ হচ্ছে না। আসলে এটি সংস্থার ব্যাঙ্কের সব কার্যকলাপ বন্ধ করেছে। পেটিএম-এর তরফে জানানো হয়েছে, তাদের অ্যাপ, ইউপিআই, কিউআর, সাউন্ডবক্স ও পেমেন্ট গেটওয়ে পরিষেবা নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে। এই পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটবে না। সংস্থার তরফে আরও বলা হয়েছে, পেটিএম গোল্ড ও পেটিএম মানি-সহ কোনও পরিষেবায় প্রভাব পড়বে না। স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরবিআই কী নির্দেশ দিয়েছিল?
গতকাল আরবিআই একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ২২(৪) ধারায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে। ২৪ এপ্রিলের পর থেকে সব কাজকর্ম অর্থাৎ লেনদেন থেকে শুরু করে অর্থ জমা দেওয়া বা ঋণ দেওয়া সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পেটিএম-এর সঙ্গে পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনও ব্যবসায়িক চুক্তি নেই। এমনটাই দাবি করেছে পেটিএম। ২০২৪ সালের ১ মার্চই সেই দাবি করেছিল সংস্থা।
পেটিএম-এর সঙ্গে পিপিবিএল-এর সম্পর্ক নেই
ওই বিবৃতিতে পেটিএম দাবি করেছিল, কোম্পানির পিপিবিএল (পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক) -এর সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি নেই। কোম্পানি প্রদত্ত কোনও পরিষেবা পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অংশীদারিত্বে নেই। পিপিবিএল মূলত স্বাধীনভাবে পরিচালিত হয়। সেক্ষেত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের কোনও পরিষেবা বন্ধ হচ্ছে না। ভবিষ্যতেও পরিষেবা অব্যাহত থাকবে।
কী কারণে পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাইসেন্স বাতিল করা হল?
লাইসেন্সটি বাতিল করার ক্ষেত্রে আরবিআই একাধিক কারণ উল্লেখ করেছে। প্রথম কারণ হল ব্যাঙ্কের কাজকর্ম ও পরিচালন পদ্ধতি। যা প্রতিষ্ঠান ও আমানতকারীদের স্বার্থের পরিপন্থী বলে মনে করা হচ্ছে। আরবিআই-এর দাবি, ব্যাঙ্কে কাজের ধরন জনগণের জন্য ক্ষতিকর ছিল। অর্থাৎ জনসাধারণের জন্য এই ব্যাঙ্ক একেবারেই সুবিধাজনক ছিল না। এর আগেও ধাপে ধাপে এই ব্যাঙ্কের পরিষেবা নিয়ন্ত্রণ করা শুরু করেছিল আরবিআই।
