Fuel Price Cut: আবার পেট্রোল-ডিজেলের দাম কমবে? পুজোর আগেই মধ্যবিত্তদের আশার আলো দেখাল কেন্দ্র
Petrol Diesel Price: বৃহস্পতিবার, ১ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানান যে কেন্দ্র সরকার এর আগে তিন দফায় জ্বালানির দাম কমিয়েছে। ২০২১ সালের নভেম্বর মাসে, ২০২২ সালের মে মাসে এবং চলতি বছরের ১০ মার্চ। সম্প্রতি পেট্রোল-ডিজেলের উপরে আবগারি শুল্ক লিটার প্রতি ১০ টাকা করে কমানো হয়েছে।

নয়া দিল্লি: উৎসবের মরশুম শুরুর আগেই কি মিলবে সুখবর? দাম কমবে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price Cut)? সেই আভাসই দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। এর আগে কবে কবে পেট্রোল-ডিজেলের দাম কমেছে, তাও তিনি জানালেন।
বৃহস্পতিবার, ১ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানান যে কেন্দ্র সরকার এর আগে তিন দফায় জ্বালানির দাম কমিয়েছে। ২০২১ সালের নভেম্বর মাসে, ২০২২ সালের মে মাসে এবং চলতি বছরের ১০ মার্চ। সম্প্রতি পেট্রোল-ডিজেলের উপরে আবগারি শুল্ক লিটার প্রতি ১০ টাকা করে কমানো হয়েছে।
হরদীপ সিং পুরী বলেন যে শুল্ক কমানোর ফলে সরকারের রাজস্বে যে ক্ষতি হয়েছে, তা নিয়ে সরকার বেশ চিন্তিত। তবে তিনি আরও বলেন, জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা জরুরি, যাতে দামের ওঠানামার সবচেয়ে খারাপ প্রভাব থেকে সাধারণ উপভোক্তাদের সুরক্ষা দেওয়া যায়। সরকার সেই কাজ করতে সক্ষম হয়েছে বলেই উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
জ্বালানির দাম কি কমবে?
জ্বালানির দাম কমার সম্ভাবনা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে ব্রেন্ট ক্রুড তেলের দাম এখন কমে ব্যারেল প্রতি ৯৫ ডলারে নেমে এসেছে। সরবরাহও সুষ্ঠভাবে হচ্ছে। আশা করা হচ্ছে যে জ্বালানির দামও শীঘ্রই কমবে।
অন্যদিকে, প্রাইভেট কোম্পানিগুলির জ্বালানি বিক্রিতে কোনও বিধিনিষেধ নেই বলেই জানান পেট্রোলিয়াম সেক্রেটারি।
