Jan Dhan Yojana: ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য? তারপরেও তুলতে পারবেন ১০ হাজার টাকা, উপকৃত হচ্ছেন হাজার হাজার মহিলা, জেনে নিন বিশদে
PM Jan Dhan Yojana Benefits and Eligibility: দেশের কোটি কোটি মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনার অন্যতম জনপ্রিয় সরকারি প্রকল্প প্রধানমন্ত্রী জন ধন যোজনা। এখনও যদি আপনার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে এবং শুধুমাত্র আধার কার্ড থাকে, তাহলেও সহজেই জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন।

নয়া দিল্লি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রায় শূন্য। অথচ টাকার প্রয়োজন। এরকম পরিস্থিতির সম্মুখীন হয়তো অনেকেই হয়েছেন। কঠিন পরিস্থিতিতে বাধ্য হয়ে অনেকে টাকা চড়া সুদে ধার করে প্রয়োজন মিটিয়েছেন। তবে, অনেকেই হয়তো জানেন না, কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প রয়েছে, যার মাধ্যমে জ়িরো ব্যালেন্স অ্যাকউন্টেও (Zero Balance Bank Account) আপনি টাকা তুলতে পারবেন। সরকারের সেই জনপ্রিয় প্রকল্পটি হল প্রধানমন্ত্রী জনধন যোজনা (Jan Dhan Yojana)। অ্যাকাউন্ট ফাঁকা থাকলেও আপনি টাকা তুলতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে।
জন ধন যোজনা কী?
দেশের কোটি কোটি মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনার অন্যতম জনপ্রিয় সরকারি প্রকল্প প্রধানমন্ত্রী জন ধন যোজনা। এখনও যদি আপনার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে এবং শুধুমাত্র আধার কার্ড থাকে, তাহলেও সহজেই জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টের সবচেয়ে বড় সুবিধা হল, এটি জ়িরো ব্যালেন্সে (Zero Balance) খোলা যায়। অর্থাৎ অ্যাকাউন্ট চালু রাখতে কোনও ন্যূনতম টাকা জমা রাখার প্রয়োজন নেই।
কী কী সুবিধা মিলবে এই প্রকল্পে?
ব্যাঙ্কে গিয়ে জনধন অ্যাকাউন্ট খুললে সরকার একাধিক অতিরিক্ত সুবিধা দেয়। অ্যাকাউন্ট খোলার পর গ্রাহককে একটি ডেবিট কার্ড (RuPay Debit Card) দেওয়া হয়। এই কার্ডের সঙ্গে ২ লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা পাওয়া যায়। কোনও দুর্ঘটনার ক্ষেত্রে এই বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হয়। অর্থাৎ, কোনও দুর্ঘটনায় অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু বা গুরুতর ক্ষতি হলে তাঁর পরিবার ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে। এর জন্য কোনও অতিরিক্ত প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে হয় না।
জরুরি পরিস্থিতিতে হঠাৎ টাকার দরকার হলে অ্যাকাউন্ট হোল্ডাররা ১০ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফট সুবিধা পেতে পারেন। একে স্বল্পমেয়াদি ঋণের মতোই ধরা হয়। সেক্ষেত্রে অ্যাকাউন্টে টাকা না থাকলেও নির্দিষ্ট শর্ত পূরণ করলে ব্যাঙ্ক থেকে ১০ হাজার টাকা পর্যন্ত তোলা সম্ভব। তবে এই সুবিধা পেতে হলে অ্যাকাউন্টটি অন্তত ৬ মাস পুরনো হতে হবে এবং নিয়মিত লেনদেন থাকতে হবে।
জনধন অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। যেমন, এলপিজি ভর্তুকি, ১০০ দিনের কাজের টাকা, পেনশন ও অন্যান্য সরকারি অনুদানের টাকা সরাসরি এই অ্যাকাউন্টে যায়।
কীভাবে খুলবেন জনধন অ্যাকাউন্ট?
জনধন অ্যাকাউন্ট খোলার জন্য গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড। আধার থাকলে দেশের অধিকাংশ ব্যাঙ্কেই সহজে এই অ্যাকাউন্ট খোলা যায়। এছাড়াও ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হতে পারে। সরকারের এই প্রকল্পের মাধ্যমে শুধু ব্যাঙ্কিং পরিষেবাই নয়, বিমা, আর্থিক নিরাপত্তা এবং সরকারি সুবিধা পাওয়ার পথও আরও সহজ হয়েছে সাধারণ মানুষের জন্য।
উপকৃত মহিলারা
জনধন যোজনা সাধারণ মানুষের জন্য হলে সব থেকে বেশি উপকৃত হচ্ছেন মহিলারা। একসময় বহু মহিলার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। সেক্ষেত্রে মহিলাদের আর্থিক স্বনির্ভরতায় এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকারি তথ্য অনুযায়ী, জনধন যোজনার মাধ্যমে প্রায় ৩২ কোটি মহিলা আর্থিকভাবে স্বনির্ভর হয়েছেন।
