Petrol-Diesel Price: বাড়বে পেট্রোল-ডিজ়েলের দাম? বড় ইঙ্গিত RBI গভর্নরের
RBI Governor on Petrol-Diesel Price: সুইৎজারল্যান্ডে এক অনুষ্ঠানে সঞ্জয় মালহোত্রা বলেন, "মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে চলে, তাহলে একসময় সরকারের পক্ষেও মূল্যবৃদ্ধির চাপ বহন করা সম্ভব হবে না। তখন সেই চাপ জনসাধারণের উপরও পড়বে।" সেক্ষেত্রে খুব শীঘ্রই দাম বাড়তে পারে পেট্রোল-ডিজ়েলের।"

নয়া দিল্লি : পেট্রোল-ডিজ়েলের দাম (Petrol-Diesel Price) কি বাড়বে? বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে। সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে, ১৫ মে থেকে বাড়তে পারে জ্বালানির দাম। এবার জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে বড় দাবি করলেন রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। তাঁর দাবি, মধ্যপ্রাচ্যের সংকট (West Asia Conflict) দীর্ঘ সময় ধরে চলতে থাকলে সরকারকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে হতে পারে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ভারতের উপর প্রভাব
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছেন। ওয়ার্ক ফ্রম হোম থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে ট্রেন বা গণ পরিবহনে যাতায়াতের পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যে তাঁর পরামর্শ মেনে একাধিক পদক্ষেপ করেছে বিভিন্ন রাজ্য। মোদী নিজের কনভয়ের সংখ্যা কমিয়েছেন। একই পথে হেঁটেছেন অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। আবার বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কনভয়ের সংখ্যা কমিয়েছেন। শুধু তাই নয়, সোনা-রুপোর উপরে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। এবার কি পেট্রোল-ডিজ়েলেরও উপর কোপ পড়তে চলেছে? আরবিআই-এর গভর্নর কিন্তু দাম বাড়ার দিকেই ইঙ্গিত দিয়েছেন।
কী বলছেন রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর?
সুইৎজারল্যান্ডে এক অনুষ্ঠানে সঞ্জয় মালহোত্রা বলেন, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে চলে, তাহলে একসময় সরকারের পক্ষেও মূল্যবৃদ্ধির চাপ বহন করা সম্ভব হবে না। তখন সেই চাপ জনসাধারণের উপরও পড়বে।” সেক্ষেত্রে খুব শীঘ্রই দাম বাড়তে পারে পেট্রোল-ডিজ়েলের। যদিও , কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আশ্বস্ত করে বলেছেন, “দেশে পেট্রোলিয়াম পণ্যের কোনও ঘাটতি নেই। আমাদের কাছে পর্যাপ্ত সরবরাহ আছে।”
সোনা-রুপোর দাম
উল্লেখ্য, সোনা-রুপোর উপরে আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। গতকালই রুপোর দাম প্রতি কেজিতে ১৭ হাজার টাকা বেড়েছে। তবে আজ রুপোর দাম কমেছে। আজ কলকাতায় সোনা-রুপোর দাম কত হয়েছে জেনে নেওয়া যাক। গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ সোনার দাম বেড়েছে ৩০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট একই পরিমাণ সোনার দাম বেড়েছে ৩৫০ টাকা। অন্যদিকে, প্রতি কেজিতে রুপোর দাম ১০ হাজার টাকা কমেছে। এখন রুপোর দাম ৩ লক্ষ টাকা।
