Car Loan-এ একটা-দুটো EMI মিস করলে কি ব্যাঙ্ক গাড়ি বাজেয়াপ্ত করে নিতে পারে?
Car loan EMI default rules: যদি রিকভারি এজেন্টরা হুমকি দেয় বা অশোভন আচরণ করে, তাহলে প্রথমে পুরো ঘটনাটির একটি রেকর্ড রাখুন। এর মধ্যে কল, মেসেজ রেকর্ড, তারিখ, সময় এবং রিকভারি এজেন্টের তথ্য অন্তর্ভুক্ত থাকবে। এরপর, ব্যাঙ্কের কাছে একটি অফিসিয়াল অভিযোগ দায়ের করুন।

নয়া দিল্লি: এখন ইএমআই (EMI) সর্বস্ব জীবন। সব কিছুই ইএমআই দিয়ে কেনা হয়। ইএমআই দিয়ে গাড়ি কেনার (Car Buying) প্রবণতাও বেড়েছে। একটা মোটা অঙ্কের ডাউন পেমেন্ট (Down Payment) দিয়ে, তারপরে মাসিক কিস্তি পরিশোধ করে অনেকে গাড়ি কেনেন। তবে কখনও কখনও হঠাৎ আর্থিক সঙ্কটের কারণে একটি বা দুটি ইএমআই (EMI Payment) সময়মতো পরিশোধ করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে ব্যাঙ্ক গাড়িটি বাজেয়াপ্ত করে ফেলতে পারে কী? আইন কী বলছে?
নিয়ম অনুযায়ী, শুধুমাত্র এক বা দুটি ইএমআই (EMI) মিস করলে বা ইএমআই বাকি থাকলে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি সাধারণত তখনই কোনও গাড়ি বাজেয়াপ্ত করতে পারে না। ঋণ চুক্তি এবং প্রতিষ্ঠানের আদায় নীতি অনুযায়ী গাড়ি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াটি পরিচালিত হয়। যদি কেউ ক্রমাগত ইএমআই মিস করেন, তবে ব্যাঙ্ক টাকা আদায়ের কাজ শুরু করতে পারে। তবে এর জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। আদালতও বারবার স্পষ্ট করেছে যে যানবাহন বাজেয়াপ্ত করার প্রক্রিয়া অবশ্যই ন্যায্য ও যুক্তিসঙ্গতভাবে পরিচালনা করতে হবে।
গাড়িটি বাজেয়াপ্ত করার আগে ব্যাঙ্ক-কে যা করতে হবে-
আরবিআই-এর ফেয়ার প্র্যাকটিসেস কোড অনুযায়ী, কার লোন প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে ঋণ চুক্তিতে খেলাপি হওয়ার ক্ষেত্রে গাড়ি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ঋণগ্রহীতাদের কোন পরিস্থিতিতে গাড়িটি বাজেয়াপ্ত করা হতে পারে এবং ঋণ আদায়ের সামগ্রিক প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে হবে।
নিয়ম অনুযায়ী, যদি ঋণের টাকা আদায়ের জন্য কোনও এজেন্ট নিযুক্ত করা হয়, তবে তাদের তথ্য এবং অনুমোদিত সংস্থার বিবরণও ঋণগ্রহীতাকে অবশ্যই দিতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান এবং ঋণের শর্তাবলীর উপর নির্ভর করে নোটিসের সময় ভিন্ন হতে পারে, কিন্তু নোটিস ছাড়া কোনও গাড়ি জব্দ করা যাবে না।
জোর করে গাড়ি কি নিয়ে যেতে পারে?
নিয়ম অনুযায়ী, গাড়ি বাজেয়াপ্ত করার সময় রিকভারি এজেন্টরা কোনও বলপ্রয়োগ, হুমকি, ভীতি প্রদর্শন, দুর্ব্যবহার, জনসমক্ষে অপমান বা হয়রানি করতে পারেন না। তাদের অবশ্যই অনুমোদিত পরিচয়পত্র এবং প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে কাজ করতে হবে। পুরো প্রক্রিয়া জুড়ে ঋণগ্রহীতার মর্যাদা ও সম্মান অবশ্যই রক্ষা করতে হবে। যথাযথ প্রক্রিয়া ছাড়া বা জোরপূর্বক কোনও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে মনে করলে, তারা ব্যাঙ্কে এবং সংশ্লিষ্ট আইনি ফোরামে অভিযোগ দায়ের করতে পারেন।
রিকভারি এজেন্টরা হয়রানি করলে কী করবেন?
যদি রিকভারি এজেন্টরা হুমকি দেয় বা অশোভন আচরণ করে, তাহলে প্রথমে পুরো ঘটনাটির একটি রেকর্ড রাখুন। এর মধ্যে কল, মেসেজ রেকর্ড, তারিখ, সময় এবং রিকভারি এজেন্টের তথ্য অন্তর্ভুক্ত থাকবে। এরপর, ব্যাঙ্কের কাছে একটি অফিসিয়াল অভিযোগ দায়ের করুন। যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি বিষয়টি আরবিআই-এ অভিযোগ দায়ের করতে পারেন। এছাড়া উপভোক্তা কমিশন বা আদালতের দ্বারস্থও হতে পারেন।
বাজেয়াপ্ত গাড়ি কি উদ্ধার করা সম্ভব?
গাড়ি বাজেয়াপ্ত হওয়ার অর্থ এই নয় যে তা চিরতরে ব্যাঙ্কের হয়ে যায়। অনেক ক্ষেত্রে গাড়িটি বিক্রি করার আগে, ঋণগ্রহীতাকে বকেয়া অর্থ পরিশোধ করে গাড়িটি পুনরুদ্ধার করার সুযোগ দেওয়া হয়। তবে এই প্রক্রিয়াটি ঋণের চুক্তি এবং প্রতিষ্ঠানের পুনরুদ্ধার বা রিকভারি পলিসির উপর নির্ভর করে।
গাড়িটি নিলামে তোলার আগে কী হয়?
বাজেয়াপ্ত করা গাড়ি বিক্রির আগে ব্যাঙ্ককে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। ঋণগ্রহীতাকে তার হিসাব মিটিয়ে দেওয়ার সুযোগ দিতে হয়। স্বচ্ছতা এবং গাড়ির ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য বিক্রির আগে একটি বিজ্ঞপ্তিও দিতে হয়। ব্যাঙ্ক বা ঋণ প্রদানকারী সংস্থা ইচ্ছামতো গাড়ি বিক্রি করে দিতে পারে না।
গাড়ি বিক্রি করার পর বাকি টাকা কে পাবে?
যদি গাড়ি বিক্রি করে পাওয়া টাকা বকেয়া ঋণের পরিমাণ, সুদ এবং আইনি খরচকে পার করে যায়, তবে ঋণগ্রহীতা অবশিষ্ট টাকা পেতে পারেন।
