AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ITR Filing: ইনকাম ট্যাক্সের নোটিস পেয়েছেন? ভুয়ো নয় তো? কীভাবে বুঝবেন, জেনে নিন

Income Tax notice: প্রতারকরা অনেক সময় ভুয়ো আয়কর নোটিস পাঠিয়ে জরুরি পরিস্থিতি তৈরি করে। সেই সুযোগে তাঁরা ব্যক্তিগত তথ্য, ওটিপি (OTP), সিভিভি (CVV), এটিএম পিন নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ধরনের জালিয়াতি রুখতে ২০১৯ সালের ১ অক্টোবর থেকে আয়কর দফতর নিয়ম জারি করেছে। কী নিয়ম, জেনে নিন

ITR Filing: ইনকাম ট্যাক্সের নোটিস পেয়েছেন? ভুয়ো নয় তো? কীভাবে বুঝবেন, জেনে নিন
প্রতীকী চিত্র।Image Credit: Chatgpt
| Updated on: Jul 30, 2026 | 8:13 AM
Share

নয়া দিল্লি: হাতে আর বেশি সময় নেই। আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই। শেষ মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে। তবে, জানেন কি এই সময় অনেকের কাছেই ইনকাম ট্যাক্সের নোটিস (ITR Notice) আসতে পারে। তবে কোনও নোটিস পাওয়ার পরই ব্যক্তিগত তথ্য দেওয়া বা টাকা পরিশোধের আগে সেটি আসল না ভুয়ো, তা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি।

কেন সতর্ক থাকা জরুরি?

প্রতারকরা অনেক সময় ভুয়ো আয়কর নোটিস পাঠিয়ে জরুরি পরিস্থিতি তৈরি করে। সেই সুযোগে তাঁরা ব্যক্তিগত তথ্য, ওটিপি (OTP), সিভিভি (CVV), এটিএম পিন নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ধরনের জালিয়াতি রুখতে ২০১৯ সালের ১ অক্টোবর থেকে আয়কর দফতর নিয়ম জারি করেছে, ওই নির্দিষ্ট তারিখের পর জারি হওয়া প্রতিটি নোটিস, সমন বা সরকারি যোগাযোগপত্রে একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর (DIN) থাকবে।

কীভাবে DIN কাজে লাগে?

এই DIN-এর মাধ্যমে করদাতারা ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে লগ-ইন না করেই নোটিসের সত্যতা যাচাই করতে পারবেন। ফলে সহজেই বোঝা যাবে, সেটি সত্যিই আয়কর দফতর পাঠিয়েছে, নাকি কোনও প্রতারণার ফাঁদ।

কেন নোটিস যাচাই গুরুত্বপূর্ণ?

  • নোটিসটি সত্যিই আয়কর দফতর থেকে জারি করা হয়েছে কি না সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
  • ভুয়ো পেমেন্টের দাবি বা ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো প্রতারণা থেকে সুরক্ষা দেয়।
  • বৈধ DIN ছাড়া জারি হওয়া যোগাযোগ সাধারণত অবৈধ বলে গণ্য হয় (কিছু নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া)।
  • আসল নোটিসের ক্ষেত্রে সময়মতো পদক্ষেপ করা যায় এবং ভুয়ো নোটিস নিয়ে অযথা আতঙ্ক এড়ানো সম্ভব হয়।

কীভাবে যাচাই করবেন?

করদাতারা PAN নম্বর বা নোটিসে উল্লেখ থাকা DIN নম্বর ব্যবহার করে ইনকাম ট্যাক্সের ই-ফাইলিং পোর্টালে নোটিস যাচাই করতে পারবেন। এর জন্য অ্যাকাউন্টে লগ-ইন করার প্রয়োজন নেই।

যাচাইয়ের সময় মোবাইল নম্বরে ১৫ মিনিটের জন্য OTP পাঠানো হবে। সেই OTP দেওয়ার জন্য তিনবার সুযোগ থাকবে। উল্লেখযোগ্য বিষয় হল, OTP পাওয়ার জন্য যে মোবাইল নম্বর ব্যবহার করা হবে, সেটি ই-ফাইলিং পোর্টালে আগে থেকে রেজিস্ট্রার থাকা বাধ্যতামূলক নয়।

আয়কর নোটিসের উত্তর দেওয়ার আগে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে সেটি যাচাই করে নিলে বড় ধরনের আর্থিক প্রতারণা এড়ানো সম্ভব। তাই কোনও নোটিস পেলেই আগে তার সত্যতা নিশ্চিত করুন, তারপরই পরবর্তী পদক্ষেপ করবেন।

Follow Us