India Stock Market : ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত পেতেই ৮০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, সস্তা হল তেল

India Stock Market : মঙ্গলবার বাজার খুলতেই দেখা গেল, প্রায় ৮০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। অন্যদিকে নিফটি ৫০ বেড়েছে ১০০ সূচক পর্যন্ত।সোমবার সেনসেক্স ছিল ৭৭ পয়েন্টের নিচে। ২ হাজার ৩০০ পয়েন্টেরও বেশি সূচক কমে যায়। আজ সকাল ১০টার রিপোর্ট অনুযায়ী, সেনসেক্স ৮০০ পয়েন্ট বেড়ে ৭৮ হাজারে পৌঁছেছে।

India Stock Market : ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত পেতেই ৮০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, সস্তা হল তেল
শেয়ার বাজার চাঙ্গাImage Credit source: x

Mar 10, 2026 | 11:33 AM

নয়াদিল্লি : ইরানের সঙ্গে যুদ্ধ থামার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের এই ইঙ্গিতবাণীর পর থেকেই চাঙ্গা হতে শুরু করেছে শেয়ারবাজার। মঙ্গলবার মার্কেট খুলতেই সেনসেক্স-নিফটির উথ্থান লক্ষ্য করা গেল। আর তাতেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিনিয়োগকারীরা। মূলত, তেলের দামও কমতেই বাজার আবার চাঙ্গা হতে শুরু করেছে। সোমবারই ব্যারেল প্রতি দাম তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। তবে মঙ্গলবার প্রায় ৬ শতাংশ কমেছে তেলের দাম। এদিকে, টাকার দামও সামান্য ঊর্ধ্বমুখী।

সেনসেক্স-নিফটি

মঙ্গলবার বাজার খুলতেই দেখা গেল, প্রায় ৮০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। অন্যদিকে নিফটি ৫০ বেড়েছে ১০০ সূচক পর্যন্ত।সোমবার সেনসেক্স ছিল ৭৭ পয়েন্টের নিচে। ২ হাজার ৩০০ পয়েন্টেরও বেশি সূচক কমে যায়। আজ সকাল ১০টার রিপোর্ট অনুযায়ী, সেনসেক্স ৮০০ পয়েন্ট বেড়ে ৭৮ হাজারে পৌঁছেছে। এদিকে, সোমবার নিফটি৫০ সূচক পড়েছিল ২.৯ শতাংশ। ২৩ হাজার ৭৪৩ পয়েন্টের নিচে নেমে গিয়েছিল সূচক। মঙ্গলবার দেখা গেল নিফটি৫০-র সূচক বেড়ে হয়েছে ২৪ হাজার ২০০। ইন্ডিগো, স্পাইসজেটের মতো কোম্পানিগুলির শেয়ার ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তেলের বাজার

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে নেমে এসেছে। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬.৫১ ডলার কমেছে। ব্যারেল প্রতি দাম পৌঁছেছে ৯২.৪৫ ডলারে। যা ভারতীয় টাকায় প্রায় সাড়ে আট হাজারের বেশি। সেক্ষেত্রে, সোমবারের তুলনায় প্রায় ৬.৬ শতাংশ দাম কমেছে। সেখানে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম গতকালের তুলনায় ৬.৫ শতাংশ কমেছে। ব্যারেল প্রতি ৬.১২ ডলার দাম কমে হয়েছে ৮৮.৬৫ ডলার।

টাকা

সোমবার টাকার দামেও বড় পতন লক্ষ্য করা গিয়েছে। ডলারের হিসেবে টাকার দাম পড়ে হয়েছিল ৯২.৩২ ডলার। তবে, মঙ্গলবার দেখা গেল, টাকার দাম ৯১.৯২ ডলারে নেমে এসেছে।

সোনা-রুপোর বাজার

মঙ্গলবার সোন-রুপোর দামও খানিকটা বাড়ল। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে ক্রমাগত সোনা-রুপোর দাম পড়ছিল। তবে, মঙ্গলবার দাম অনেকটাই বেড়েছে। একদিনে রুপোর দাম প্রায় ১০ হাজার টাকা বেড়েছে। আজ এক কেজি রুপোর দাম পৌঁছেছে ২ লাখ ৯০ হাজারে। তবে ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম সামান্য বাড়লেও, ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আবার সামান্য কমেছে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ খুব তাড়াতাড়িই শেষ হতে চলেছে। তবে কবে যুদ্ধ শেষ হবে, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, ট্রাম্প বলেন, “আমরা এটি শেষ করার খুব কাছাকাছি।”এই বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও কথা হয়েছে ট্রাম্পের। যুদ্ধ পরিস্থিতি শেষ করার জন্য ট্রাম্পকে বেশ কিছু পরামর্শও দেন পুতিন। তারপরই ট্রাম্প যুদ্ধ শেষ করার ইঙ্গিত দেন। এদিকে, ট্রাম্পের এই ইঙ্গিতের পরই ইরানের হুঁশিয়ারি যুদ্ধ কবে শেষ হবে, সেটা তারা ঠিক করবে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, আমেরিকা কোনও যুদ্ধ শেষ করবে না। এই অঞ্চলের ভবিষ্যৎ এখন তাদের হাতে। তাই তারা ঠিক করবে কবে যুদ্ধ শেষ হবে।

Follow Us